এনজিও, নারীর ক্ষমতায়ন এবং সামষ্টিক অর্থনীতিতে বাংলাদেশের অভূতপূর্ব সাফল্যের চিত্র বিশ্বের অন্যান্য মুসলিম দেশের কাছে তুলে ধরতে সহযোগিতা কামনা করেছেন অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি) মহাসচিব আইয়াদ বিন আমিন মাদানি।
ওআইসি মহাসচিব শনিবার সন্ধ্যায় রয়্যাল কনফারেন্স প্যালেসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত্ করে তিনি এই কথা জানান। বৈঠক শেষে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
আইয়াদ বিন আমিন মাদানি বলেন, বাংলাদেশ এনজিও, নারীর ক্ষমতায়ন এবং সামষ্টিক অর্থনীতিতে ব্যাপক সাফল্য অর্জন করে আন্তর্জাতিক বিশ্বে স্বীকৃতি অর্জন করেছে। এই সাফল্যকে বিশ্বের অন্যান্য মুসলিম দেশের কাছে তুলে ধরার জন্য আমরা বাংলাদেশের বিশেষ করে প্রধানন্ত্রীর কাছে সহযোগিতা চাই।
ব্রিফিংয়ে ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী ওআইসি মহাসচিবের অনুরোধের জবাবে বলেন, ওআইসি এই বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠালে বাংলাদেশ এই বিষয়ে সহযোগিতায় প্রস্তুত রয়েছে।
ওআইসি মহাসচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে নারীর ক্ষমতায়নের প্রশংসা করে বলেন, তিনি এই বিষয়টি ওআইসিতে আরো বড়ো আকারে তুলে ধরতে চান। আমরা এক্ষেত্রে বাংলাদেশের অর্জিত অভিজ্ঞতাকেও অন্যান্য মুসলিম দেশের কাছে তুলে ধরতে চাই।
ফিলিস্তিন প্রসঙ্গে ওআইসি মহাসচিব বলেন, ওআইসি ফিলিস্তিনের জনগণের সঙ্গে বন্ধনকে আরো দৃঢ় করার জন্য রামাল্লায় একটি অফিস স্থাপনের উদ্যোগ নিয়েছে। বাংলাদেশসহ ওআইসির সদস্য রাষ্ট্রগুলোকে রামাল্লায় ওআইসির অফিস উদ্বোধনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে।
পরে সৌদির ইসলামিক বিষয় এবং অনুদান সম্পর্কিত মন্ত্রীর উপদেষ্টা শেখ তালাল বিন আল আকিলও রয়্যাল কনফারেন্স পালেস হোটেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে আকিল বাংলাদেশে ইসলাম ধর্মের সম্প্রসারণে বর্তমান সরকারের গৃহীত উদ্যোগের প্রশংসা করেন এবং বাংলাদেশের মুসলমান সম্প্রদায়কে ভাল মুসলমান হিসেবে আখ্যায়িত করেন।-বাসস।
