মির্জা ফখরুলের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ৪ আগস্ট

আপডেট : ০৫ জুন ২০১৬, ১৪:৫৮
 
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৭৪ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ৪ আগস্ট দিন ধার্য করেছে আদালত।
 
রবিবার অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু এ দিন মামলার প্রধান আসামি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শারীরিক অসুস্থতার কারণে আদালতে হাজির হতে না পারায় তার পক্ষে অ্যাডভোকেট জয়নাল আবেদীন মেজবা সময় আবেদন করেন।
 
শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আলী মাসুদ সেখ সময় আবেদন মঞ্জুর করে ৪ আগস্ট দিন ধার্য করেন।
 
২০১২ সালের ৯ ডিসেম্বর ১৮ দলীয় জোটের অবরোধ চলাকালে ফকিরাপুল থেকে পল্টনের ভিআইপি রোডস্থ এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের ভূঁইয়া বাদী হয়ে মামলাটি করেন।