কাশিয়ানীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০

আপডেট : ০৫ জুন ২০১৬, ১৫:২২
গোপালগঞ্জের কাশিয়ানীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৪ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
রবিবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার বেথুড়ী ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।  কাশিয়ানী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিজানুর রহমান জানান, শনিবার বিকালে উপজেলার সীতারামপুর জনকল্যাণ সংগঠনের উদ্যোগে এক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এ সময় সাগর শেখ নামে এক যুবক অনধিকারভাবে খেলার মাঠে প্রবেশ করে। পরে স্থানীয় যুবকরা তাকে মারধর করে। 
 
রবিবার সকালে বিষয়টি দু’পক্ষের মধ্যে সমঝোতার জন্য পুইশুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোল্লা আলীউজ্জামান পান্নুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা রামদিয়া বাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। বেথুড়ী ব্রিজের কাছে পৌঁছালে পূর্ব থেকে ওঁত পেতে থাকা চুন্নু শেখ, জাহাঙ্গীর হোসেন শেখের নেতৃত্বে ১৫/২০ জন যুবক মোটর সাইকেলের গতিরোধ করে তাদের নামিয়ে বেধড়ক মারধর করে। 
 
এতে  অন্তত ১০ জন আহত হয়। গুরুতর আহত সুজন মোল্লা (৩০), শিপন মোল্লা (৩০), রবিউল সিকদার (২৮) ও সবুজ সিকদারকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে চুন্নু শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ব্যাপারে কাশিয়ানী থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।