নির্বাহী বিভাগের সঙ্গে বিচার বিভাগের সম্পর্ক বেশ ভালো: প্রধান বিচারপতি

আপডেট : ০৫ জুন ২০১৬, ১৮:১৫
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, বিচার বিভাগের সঙ্গে নির্বাহী বিভাগের সম্পর্ক অত্যন্ত ভালো। তিনি বলেন রাষ্ট্রের এই দুটি অংশের মধ্যে কোনো বিদ্বেষপূর্ণ সম্পর্ক নেই।
 
রবিবার, বেলা সাড়ে তিনটায় সুপ্রিম কোর্ট ও তিন নেতার মাজার সংলগ্ন ‘ন্যায় সরণি’ নামক সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 
 
প্রধান বিচারপতি বলেন, সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিচারপ্রার্থী জনগণের সুবিধার জন্য এ সড়কটি নির্মাণ করা হয়েছে। আইনজীবীদের সহযোগিতা ছাড়া বিচারাঙ্গনকে এগিয়ে নেয়া যায় না। তিনি বলেন, আমরা কোনো কাজেই বাড়াবাড়ি করছি না। সবকিছুই আইন মোতাবেক হবে। সুপ্রিম কোর্টের বাজেট বরাদ্দ প্রসঙ্গে বলেন, বাজেটে যে বরাদ্দ দেয়া হয়েছে তাতে আমাদের সমস্যা নেই।
 
প্রসঙ্গত, তিন নেতার মাজার সংলগ্ন ‘ন্যায় সরণি’ নামের সড়কটি অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। এই সড়কটি উদ্বোধনের ফলে বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থী জনগণ খুব সহজেই যানজট এড়িয়ে সুপ্রিম কোর্টে প্রবেশ করতে পারবে। তাদের আর হাইকোর্ট মাজার সংলগ্ন রাস্তাটি ব্যবহার করতে হবে না।