কোপা আমেরিকায় উরুগুয়ের প্রথম ম্যাচে মেক্সিকোর বিপক্ষে লুইস সুয়ারেস খেলবেন না বলে জানিয়েছেন দলের কোচ অস্কার তাবারেস। গ্রেনডেইলে বাংলাদেশ সময় সোমবার সকাল ৬টায় মেক্সিকোর বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকার শতবর্ষী আসরে উরুগুয়ে তাদের অভিযান শুরু করবে।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তাবারেস বলেন, ‘মেক্সিকোর বিপক্ষে লুইস সুয়ারেস নেই। সে এমন একজন ফুটবলার, যে সেরে ওঠার ক্ষেত্রে আমাদের সব সময়ই বিস্মিত করে। কিন্তু সে এখনও প্রস্তুত নয়। কেবল তার চোটের ১৪ দিন হয়েছে। সে শতভাগ ফিটনেস দেখাতে পারলেই তাকে আমরা বিবেচনা করব।’
সেভিয়ার বিপক্ষে কোপা দেল রের ফাইনালের দ্বিতীয়ার্ধে ডান হ্যামস্ট্রিংয়ের পেশিতে চোট পেয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়েছিলেন বার্সেলোনার তারকা ফরোয়ার্ড সুয়ারেস। এরপর অনেকেই ধারণা করেছিল, কোপা আমেরিকাতে খেলা নাও হতে পারে তার।
তবে ২৯ বছর বয়সী সুয়ারেস উরুগুয়ে দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে যান। ফিটনেস ফিরে পেতে আলাদাভাবে অনুশীলন করছেন গত মৌসুমে ইউরোপের লিগগুলোর মধ্যে সবচেয়ে বেশি গোল করা এই স্ট্রাইকার।
