ভারতীয় ক্রিকেটার বনাম বলিউড তারকাদের মধ্যকার ফুটবল ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। শনিবার দুই দলে ভাগ হয়ে খেলেছেন অভিষেক বচ্চন, রনবীর কাপুর আর বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনিরা।
‘সেলিব্রেটি ক্লাসিকো ২০১৬’ শিরোনামে একটি প্রীতি ম্যাচ খেলতে মুম্বাইয়ের ফুটবল অ্যারেনা, আন্ধেরি স্পোর্টস কমপ্লেক্সে মাঠে নামেন ভারতের জনপ্রিয় তারকারা। আর অভিনেতাদের নিয়ে সাজানো দলটির নেতৃত্ব দিয়েছেন রনবীর কাপুর।
তহবিল সংগ্রহের উদ্দেশ্যে ম্যাচটি খেলেন তারা। আর এই ম্যাচ থেকে উপার্জিত সমস্ত অর্থ চলে যাবে বিরাট কোহলির দাতব্য প্রতিষ্ঠান ‘বিরাটস চ্যারিটি’ এবং অভিষেকের দাতব্য প্রতিষ্ঠান ‘প্লেয়িং ফর হিউমানিটি’তে।
কোহলির নেতৃত্বে খেলা ‘অল হার্ট ফুটবল ক্লাব’ আর অভিনেতাদের নিয়ে সাজানো রনবীর কাপুরের দলের নাম রাখা হয় ‘অল স্টারস ফুটবল ক্লাব’।
কোহলির নেতৃত্বে মাঠে ছিলেন মহেন্দ্র সিং ধোনি, হরভজন সিং, যুবরাজ সিং, রবীচন্দ্রন অশ্বিনের মতো ক্রিকেট তারকারা। আর রনবীরের দলে ছিলেন অভিষেক, অর্জুন কাপুর, ডিরেক্টর সুজিত সিরকার, আদিত্য রায়, রাজ কুন্দ্রা ছাড়াও আরও বেশ কয়েকজন অভিনেতা।
