রিমান্ড শেষে কারাগারে বরখাস্ত মেয়র মান্নান

আপডেট : ০৫ জুন ২০১৬, ১৭:৩০
গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র এম এ মান্নানকে নাশকতার মামলায় দুইদিনের জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে।
 
রবিবার দুপুরে গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তাহমিনা খানম শিল্পী এ আদেশ দেন।  
 
আদালত পুলিশের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, গাজীপুরের কালিয়াকৈর থানার নাশকতার একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মেয়র মান্নানকে শনিবার দুপুরে দুই দিনের রিমান্ডে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে কালিয়াকৈর থানায় নেয়া হয়। কালিয়াকৈরে পুলিশবহনকারী গাড়িতে পেট্রোল বোমা ও হাতবোমা নিক্ষেপ করে গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদ শেষে রবিবার দুপুরে তাকে আদালতে হাজির করা হয়।
 
একটি ফৌজদারি মামলায় অভিযোগপত্র হওয়ার পর গত বছরের ১৯ অগাস্ট তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর একটি রিট আবেদনের প্রেক্ষিতে গত ১১ এপ্রিল ছয় মাসের জন্য বরখাস্ত আদেশ স্থগিত করে হাই কোর্ট। এরপর গত ১৯ এপ্রিল মান্নানকে আবার সাময়িক বরখাস্ত করা হয়।