জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ২০১৬-'১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে উন্নয়নের আর্থ-সামাজিক রাজনৈতিক দলিল হিসেবে উল্লেখ করে বলেছেন, 'এ বাজেট মহাজোট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঘুরে দাঁড়ানোর বাজেট।'
রবিবার সকালে জাসদ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রস্তাবিত বাজেটের ওপর দলের প্রাথমিক প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মীর হোসাইন আখতার সহ নেতৃত্ব বিন্দু।
এ সময় তথ্যমন্ত্রী বলেন, 'বাজেটে জাতি হিসাবে আমাদের ঘুরে দাঁড়ানোর জন্য আর্থ-সামাজিক ও রাজনৈতিক নীতি কৌশলের সুস্পষ্ট দিকনির্দেশনা রয়েছে। বিশেষ করে বাজেট চূড়ান্ত করার সময় সমাজে সমতা বিধানের নীতি অনুসরণ করা হয়েছে। তবে প্রস্তাবিত বাজেটে জাসদ সরাসরি এ কথাটি উল্লেখ দেখতে চায়। কারণ সমাজতান্ত্রিক আর্থসামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা অনুসরণ করার মাধ্যমেই দরিদ্রতা ও সামাজিক বৈষম্য দ্রুত কমিয়ে আনা সম্ভব।'
হাসানুল হক ইনু প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন নিশ্চিত করতে রাজনৈতিক পরিবেশ রক্ষায় জঙ্গি ও আগুন সন্ত্রাস নির্মূল করতে যথাযথ পদক্ষেপ নেয়া প্রয়োজন বলে উল্লেখ করে বলেন, 'এ জন্য সন্ত্রাসী তথা আগুন সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার সম্পন্ন করতে হবে।'
তিনি বলেন, 'ধর্মীয় সাম্প্রদায়িক ও জঙ্গি গোষ্ঠী বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল ছাপিয়ে সাংস্কৃতিক পরিসরে শেকড় গেড়ে বসেছে। এদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলার পাশাপাশি সাংস্কৃতিকভাবে মোকাবেলার প্রয়োজন রয়েছে যা অত্যন্ত ধারাবাহিকভাবে দীর্ঘ মেয়াদে পরিচালনা করা প্রয়োজন।'
