চলে গেলেন বাঙালির দেহচর্চা ইতিহাসের এক অধ্যায়। ‘পকেট হারকিউলিস’ নামে খ্যাত মনোহর আইচ ১০৪ বছর বয়সে মারা গেলেন। রবিবার দুপুর ২টার দিকে মারা যান তিনি।
বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন তিনি। শতবর্ষের কোঠা পার করেছিলেন বছর চারেক আগেই। কিন্তু, থেমে থাকেনি তাঁর রোজকার জীবন। শতায়ু হওয়ার জন্মদিনেও নিজের হাতে একের পর এক ফোন ধরে শুভেচ্ছার জবাব দিয়েছেন। শতবর্ষেও তাঁর কণ্ঠস্বর ছিল সমান সতেজ, স্মরণশক্তি ছিল তাক লাগানো।
১৯১২ সালের ১৭ মার্চ বাংলাদেশের কুমিল্লায় তার জন্ম। দেহের উচ্চতা মাত্র ৪ ফুট ১১ ইঞ্চির হলেও বাঙালিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন মনোহর আইচ।
১৯৫২-তে প্রথম বাঙালি বডিবিল্ডার হিসেবে ‘মিস্টার ইউনিভার্স’ খেতাব জেতেন তিনি। তাঁর গুরু ছিলেন প্রবাদপ্রতিম বিষ্ণু ঘোষ। বিষ্ণু ঘোষের আখড়াতেই বডি বিল্ডিংয়ের হাতেখড়ি। ধীরে ধীরে দেশের গণ্ডি ছাড়িয়ে দেহচর্চাকে টানে ছুটে গিয়েছেন বিদেশ মাটিতে।
১৯৫০-এ মাত্র ৩৬ বছর বয়সে মিস্টার হারকিউলিস প্রতিযোগিতা জেতেন। ’৫১-তে মিস্টার ইউনিভার্স-এ দ্বিতীয় হন। পরের বছর একেবারে সেরার শিরোপা।
নয়াদিল্লি (’৫১), ম্যানিলা (’৫৪) ও টোকিও (’৫৮) এশিয়ান গেমসে তিনটি করে সোনা জেতেন তিনি। এর পর আর থেমে থাকেননি তিনি। একের পর এক প্রতিযোগিতায় দেশের মুখ উজ্জ্বল করেছেন মনোহরবাবু। আশি পেরিয়েও সমান ভাবে শরীরচর্চা করে গিয়েছেন তিনি। তাঁর শেষ শো ছিল ৮৯ বছর বয়সে।
