মাহির ‘স্বামী’র জামিন নিয়ে শুনানি ১৬ জুন

আপডেট : ০৫ জুন ২০১৬, ১৮:৫৬
চিত্র নায়িকা মাহিয়া মাহির করা মানহানির মামলায় তার ‘স্বামী’ শাহরিয়ার ইসলাম শাওনের জামিনের শুনানি হবে ১৬ জুন।
 
বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক কেএমএম শামসুল আলম রবিবার দিন ঠিক করে এ আদেশ দেন।
 
মাহির আইনজীবী বেলাল হোসেন বলেন, ১৬ জুন শাওনের জামিন শুনানির দিন নির্ধারণ করেছে আদালত।
 
তথ্য প্রযুক্তি আইনে করা এই মামলায় রিমান্ড শেষে ৩১ মে শাওনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। ওই দিন শাওনের আইনজীবী আদালতে মাহির বিয়ের কাবিননামা দাখিল করেন বলে সংশ্লিষ্ট আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই উজির আলী জানিয়েছিলেন।
 
ওই কাবিননামায় মাহির নাম ‘শারমীন আক্তার নিপা ওরফে মাহিয়া’লেখা রয়েছে। চার লাখ টাকা দেনমোহর ধরে ওই বিয়ের ২০১৫ সালের ১৫ মে অনুষ্ঠিত হয়েছে বলে উল্লেখ রয়েছে।
 
ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে মাহির বিয়ের পরদিন থেকেই কয়েকটি গণমাধ্যমে তার কিছু ছবি প্রকাশ করে দাবি করা হয়, এর আগেও একাধিকবার মাহির বিয়ে হয়েছে।
 
এর পর বিষয়টি নিয়ে আলোচনার ঝড় ওঠে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে। বিষয়টি নজরে এলে নায়িকা মাহি বলেন, তিনি আইনের আশ্রয় নেবেন। এর পার ২৮ এপ্রিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম শাখায় শাওনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন নায়িকা মাহি। পরদিন দক্ষিণ বাড্ডার বাসা থেকে কম্পিউটারসহ শাওনকে গ্রেপ্তার করে পুলিশ।
 
এবিষয়ে ডিবির এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, শাওনের বাসা থেকে তার কম্পিউটার জব্দ করেছি। সেখানে কিছু ছবি পেয়েছি। এরই মধ্যে শাওন স্বীকার করেছে যে, সে নিজেই এই ছবিগুলো ফেসবুকে আপ করেছিল। শাওন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগে প্রথম বর্ষের শিক্ষার্থী।
 
শাওন দাবি করেন, মাহির সঙ্গে তার বিয়ে হয়েছে।