টেস্ট মর্যাদা পাওয়ার প্রায় ১৬ বছর পরও ভারতে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ হয়নি বাংলাদেশের। চলতি বছর এক টেস্ট খেলতে প্রতিবেশী দেশটিতে যাওয়ার কথা ছিলো মুশফিকুর রহিমদের। তবে তা নিয়ে তৈরি হয়েছে ধোয়াশা।
বারবার সেই সিরিজের প্রতিশ্রুতি মিললেও সঠিক তারিখ পাওয়া যায়নি এখনও। তাই এর ভবিষ্যত জানতে ভারতীয় ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়েছে বিসিবি।
২০০০ সালের নভেম্বরে ঢাকায় ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয় বাংলাদেশের। কিন্তু ভারতের মাটিতে টেস্ট খেলার সুযোগ মেলেনি এখনও। রবিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানান, এত দিন আলোচনা ছিল মুখে-মুখে এবার লিখিতভাবে জানতে চেয়েছেন তারা।
তিনি বলেন, ‘ভারত সফর নিয়ে ওদের সঙ্গে যখনই কথা হচ্ছে, ওরা নিশ্চিত করছে ওদের সঙ্গে খেলা হবে। তবে ওরা এখন পর্যন্ত নিশ্চিত করে আমাদের কোনো তারিখ দেয়নি। গতকালই আমাদের সিইও নিজাম উদ্দিন চৌধুরী ওদের একটা চিঠি দিয়েছেন। আনুষ্ঠানিকভাবে তিনি জানতে চেয়েছেন, ওদের সঙ্গে আমাদের খেলাটা কবে।’
বিসিবি প্রধানের বিশ্বাস, দুই-এক দিনের মধ্যে মিলবে ভারতীয় ক্রিকেট বোর্ডের জবাব।
