খালেদা জিয়ার মোবাইল ফোন নেই: রিজভী

আপডেট : ০৬ জুন ২০১৬, ১০:৫৮
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কোনো মোবাইল নেই, তাই তার মোবাইলের সিম নিবন্ধনের প্রয়োজনও নেই। রবিবার বিকালে সাংবাদিকদের এ কথা জানান তিনি।  
 
এর আগে সচিবালয়ে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছিলেন, খালেদা জিয়া সিম নিবন্ধন করেননি। প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন খালেদা জিয়া তার সিম নিবন্ধন করবেন।
 
তার এ বক্তব্যের প্রতিক্রিয়ায় রুহুল কবির রিজভী বলেন, 'আমাদের চেয়ারপারসন খালেদা জিয়া ব্যক্তিগতভাবে কোনো মোবাইল ফোন ব্যবহার করেন না। তাই তার সিম বায়োমেট্রিক নিবন্ধন করার প্রশ্নই ওঠে না। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের বাসা ও অফিসে টিঅ্যান্ডটি টেলিফোন আছে। ওই টেলিফোনগুলোই তিনি ব্যবহার করেন।