সুইজারল্যান্ডে নরেন্দ্র মোদী

আপডেট : ০৬ জুন ২০১৬, ১২:১৭
 
ঝটিকা সফরে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাঁচ দিনে পাঁচটি দেশে ভ্রমণ করবেন তিনি। সেই ভ্রমণ সূচীর তৃতীয় ধাপে সোমবার সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী।
 
ভারতের গণমাধ্যম জানায়, এ সফরে মোদী দেশটির প্রেসিডেন্ট জোহান স্নেইডার আম্মানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ও বহুমাত্রিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করবেন। সেইসঙ্গে সুইস ব্যাংকে থাকা ভারতীয়দের সঞ্চিত কালো টাকার বিষয়টিও মোদি সুইস নেতৃত্বের সঙ্গে বৈঠকে উত্থাপন করবেন বলে মনে করা হচ্ছে।
 
এ ছাড়া ৪৮ সদস্যবিশিষ্ট পারমাণবিক অস্ত্র সরবরাহকারী দেশগুলোর জোট এনএসজিতে ভারতের সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে সুইজারল্যান্ডের সমর্থন চাবেন নরেন্দ্র মোদি। সুইজারল্যান্ড জোটের একটি সদস্য দেশ।
 
জেনেভা থেকে আজ স্থানীয় সময় সাড়ে ১১টায় ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা দেবেন নরেন্দ্র মোদি। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফর করছেন তিনি। ওয়াশিংটন সফরে তিনি দেশটির কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন।
 
দেশটিতে দু'দিন অবস্থান শেষে পাঁচ দেশ সফরের শেষ পর্বে তিনি ৮ জুন মেক্সিকো সফরে যাবেন। এনডিটিভি।