মীর কাসেমের আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

আপডেট : ০৬ জুন ২০১৬, ১২:৩৮
 
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সোমবার বেলা সোয়া ১১টায় প্রধান বিচারপতি এস কে সিনহাসহ আপিল বিভাগের পাঁচ বিচারপতির স্বাক্ষরের পরই এই রায় প্রকাশ করা হয়। 
 
২৪৪ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি লিখেছেন প্রধান বিচারপতি এস কে সিনহা। কিছুক্ষণের মধ্যে রায়টি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
 
গত ৮ মার্চ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মীর কাসেম আলীর আপিল আংশিক মঞ্জুর করে আন্তর্জাতিবক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে। এর তিন মাস পর আয়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হলো। এখন এই রায় প্রকাশের ১৫ দিনের মধ্যে মীর কাসেম আলীকে রিভিউ পিটিশন দাখিল করতে হবে।  
 
মানবতাবিরোধী অপরাধের দায়ে আলবদর কমান্ডার ও জামায়াতের শুরা সদস্য মীর কাসেম আলীকে ২০১৪ সালের ২ নভেম্বর মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ঐ বছরে তিনি রায় বাতিল চেয়ে সুপ্রিম কোর্টে আপিল দায়ের করেন। গত ফেব্রুয়ারি মাসে আপিলের ওপর শুনানি করেন রাষ্ট্র ও আসামিপক্ষ। শুনানি শেষে ৮ মার্চ রায়ে মীর কাসেমের ফাঁসির আদেশ বহাল রাখে আপিল বিভাগ।