তাপপ্রবাহ পরিস্থিতি প্রশমিত হতে পারে

আপডেট : ০৬ জুন ২০১৬, ১৩:২৩
 
রাজশাহী, পাবনা, রংপুর ও কুষ্টিয়া অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ পরিস্থিতি প্রশমিত হতে পারে।
এছাড়া সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। গতকাল রবিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস।
 
আজ সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।
 
এতে বলা হয়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত অগ্রসর হতে পারে।
 
আবহাওয়া দৃশ্যপটের সংক্ষিপ্তসারে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণাংশ এবং তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
-বাসস