বৃষ্টির বাধায় থামলো মাশরাফির দুর্দান্ত বোলিং

আপডেট : ০৬ জুন ২০১৬, ১৫:৫২
কলাবাগানের দুই দলের লড়াইয়ে নিশ্চিতভাবেই ফেভারিট ছিলো মাশরাফি বিন মর্তুজার কলাবাগান ক্রীড়া চক্র। সুপার লিগ সম্ভাবনা বাঁচিয়ে রাখতে জিততেই হবে; হিসেবটা মাথায় রেখে কলাবাগান একাডেমির বিপক্ষে লড়াইয়ের শুরুটাও দারুণ করেছিল দলটি।
 
টস জিতে বোলিংয়ে নেমে ৩৫ রানেই কলাবাগান একাডেমির ৪ উইকেট নিয়েছিল ক্রীড়া চক্র। ১৪.২ ওভারে রান যখন ৪ উইকেটে ওই ৩৫, বৃষ্টিতে বন্ধ হয় খেলা। এরপর বৃষ্টির সঙ্গে মাঠকর্মীদের লুকোচুরি হয়েছে কয়েক দফা; কাভার সরালেই ঝুপ করে নামে বৃষ্টি।
 
শেষ পর্যন্ত দেড়টার দিকে নামা তুমুল বৃষ্টিতে দিনের খেলাই গেল ভেস্তে। মঙ্গলবার রিজার্ভ ডেতে এই জায়গা থেকেই শুরু হবে খেলা।
 
তিন ম্যাচ পর এদিন আবার নতুন বল হাতে নিয়েছিলেন মাশরাফি। প্রথম ব্রেক থ্রু এনে দেন দেওয়ান সাব্বির; ফিরিয়ে দেন ইরফান শুক্কুরকে (৬)। পরের ওভারেই একাডেমির সবচেয়ে বড় ভরসা ভারতীয় ব্যাটসম্যান যতিন সাক্সেনাকে (১) ফেরান মাশরাফি। এক প্রান্তে লড়াই করতে থাকা মায়শুকুরকেও (১৭) লম্বা সময় থাকতে দেননি কলাবাগান ক্রীড়া চক্রের অধিনায়ক।
 
একাডেমি অধিনায়ক মাহমুদুল হাসানকে (৮) এলবিডব্লিউ করেন আব্দুর রাজ্জাক। রানের খাতা খোলার অপেক্ষায় দুই অপরাজিত ব্যাটসম্যান মেহেদি হাসান মিরাজ ও তাপস ঘোষ।
 
৭ ওভারের টানা স্পেলে ৩ মেডেন, ১৩ রানে মাশরাফি নিয়েছেন ২ উইকেট।