অজিদের বোলিং তোপে দিশেহারা ক্যারিবীয়রা

আপডেট : ০৬ জুন ২০১৬, ১৬:০৩
অনেকদিন পর মাঠে নেমেই উইকেট নিলেন মিচেল স্টার্ক।  মন্থর ও টার্নিং উইকেটে জেঁকে বসলেন নাথান লায়ন ও অ্যাডাম জ্যামপা।  অস্ট্রেলিয়ার বোলিং লাইনআপের দুর্দান্ত সব ডেলিভারিতে পথ হারালো ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা।
 
বোনাস পয়েন্টসহ জয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করল অস্ট্রেলিয়া। রবিবার গায়ানায় ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। দুই দিন আগে দক্ষিণ আফ্রিকাকে হারানো ক্যারিবিয়ানরা গুটিয়ে যায় মাত্র ১১৬ রানে। বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া জিতেছে ২৪.২ ওভার বাকি রেখেই।
প্রথম ম্যাচের মত এদিনও প্রভিডেন্সের উইকেট ছিল স্পিন বান্ধব। ফাস্ট বোলারের দল অস্ট্রেলিয়া একাদশ সাজায় দু’জন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে। তবে স্পিনাররা শিকার শুরুর আগেই কাজ এগিয়ে রাখেন পেসাররা।
 
গত নভেম্বরে অ্যাডিলেডে দিবা-রাত্রির টেস্টের পর প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন মূল স্ট্রাইক বোলার স্টার্ক। অ্যাঙ্কেলের চোট কাটিয়ে ফেরা এই ফাস্ট বোলার প্রথম ওভারেই ফেরান আন্দ্রে ফ্লেচারকে। পরে দুর্দান্ত এক ইয়র্কারে দুই টুকরো করেন থিতু হয়ে যাওয়া জনসন চার্লসের (২২) মিডল স্টাম্প।
 
এই দুইয়ের মাঝে ড্যারেন ব্রাভোকে (১৯) ফেরান মিচেল মার্শ। পেসারদের ভূমিকা শেষ ওখানেই। অস্ট্রেলিয়ান স্পিনেই এরপর ছন্নছাড়া ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় উইকেটে চার্লসের সঙ্গে ৪৪ রানের জুটি গড়েছিলেন ব্রাভো। সেটিই হয়ে রইল ইনিংসের সেরা জুটি।
 
টেস্টে বিশ্বের অন্যতম সেরা স্পিনার লায়ন এখনও জায়গা পাকা করতে পারেননি ওয়ানডেতে। ৫৪ টেস্ট খেলা অফ স্পিনারের এটি ছিল মাত্র একাদশ ওয়ানডে। এই ম্যাচে দেখালেন, সহায়ক উইকেটে কার্যকর হতে পারেন কতটা। তার দারুণ ফ্লাইট ও টার্নের জবাব জানা ছিল না ক্যারিবিয়ানদের।
 
আরেক পাশে দারুণ বোলিং করেছেন লেগ স্পিনার জ্যামপা। মাত্র তৃতীয় ওয়ানডে খেলতে নেমে করেছেন বৈচিত্রময় বোলিং। একাদশ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ছিল ১ উইকেটে ৫০। সেখান থেকে ৪১ রানের মধ্যে হারায় তারা ৭ উইকেট!
 
উইকেট গিয়ে প্রথম বলেই লায়নকে অযথা উড়িয়ে মারতে গিয়ে লং অনে ধরা পড়েন আগের ম্যাচের ব্যাটিং-নায়ক কাইরন পোলার্ড। লায়নের শেষ ওভারে কার্লোস ব্র্যাথওয়েইট একটি ছক্কা ও চার মেরে দলকে পার করান একশ’। ১০ ওভারে ৩৯ রানে ৩টি নেন লায়ন। ষষ্ঠ ওভারে তৃতীয় উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে গুটিয়ে দেন জ্যামপা।
 
মাঝে ২ ওভার বোলিং করেই দিনেশ রামদিনকে ফেরান গ্লেন ম্যাক্সওয়েল। ৩ স্পিনার মিলে ৭ উইকেট নিয়েছেন ৫৮ রানে! রান তাড়ায় অস্ট্রেলিয়া একেবারে উড়িয়ে দিতে পারেনি ওয়েস্ট ইন্ডিজকে। তবে ডেভিড ওয়ার্নার ছিলেন বলে খুব একটা বেগও পেতে হয়নি। আগের ম্যাচে ৬ উইকেট নেওয়া সুনিল নারাইন এদিন নতুন বল হাতেও ছিলেন দারুণ। তবে ওয়ার্নারকে হারাতে পারেননি।
 
আইপিএলে দুর্দান্ত মৌসুম কাটানো ওয়ার্নার ফর্মটা নিয়ে এলেন জাতীয় দলেও। দুরূহ উইকেটেও ৫৫ রানে অপরাজিত ৫৫ বলে। মাত্র ৩টি চারের পাশে একটি ছক্কা, বেশির ভাগ রান নিয়েছেন দৌড়েই।