বিচ্ছেদের পর প্রিয় কুকুর দুটো কার তত্ত্বাবধানে থাকবে—তা নিয়ে এখন যুদ্ধ চলছে সাবেক তারকা দম্পতি জনি ডেপ এবং অ্যাম্বার হার্ডের মধ্যে। শারীরিক নির্যাতনের অভিযোগ এনে গত মাসে ডেপের বিরুদ্ধে বিচ্ছেদের আবেদন করেন হার্ড।
এবার তাদের দুজনের পোষা কুকুর পিস্তল এবং বু’র তত্ত্বাবধান পাওয়ার জন্য আদালতের শরণাপন্ন হয়েছেন তারা। এই কুকুরদের বেআইনিভাবে সঙ্গে রাখার অভিযোগেই অস্ট্রেলিয়ায় জরিমানা গুণতে হয়েছিল ডেপ ও হার্ডকে। সেসময় গুরুতর এই অপরাধের দণ্ড হিসেবে কারাবাস এড়াতে রীতিমতো জনসমক্ষে ক্ষমা চাইতে হয়েছিল সাবেক এই দম্পতিকে।
জানা গেছে, হার্ড চাইছেন পিস্তলকে তার কাছে রাখতে। কারণ এই কুকুরটি তাকে দিয়েছিলেন সাবেক প্রেমিকা তাসিয়া ভ্যান রি। কিন্তু প্রাণীপ্রেমি ডেপের ইচ্ছা দুটি কুকুরকেই নিজের কাছে রাখার। জানা গেছে, পাইরেটস অব দি ক্যারিবিয়ান খ্যাত জনি ডেপ দুটি কুকুরকেই অনেক ভালোবাসেন। অনেকটা নিজের সন্তানের মতই দেখেন পোষা প্রাণীদুটোকে। কুকুর দুটো একসঙ্গে বড় হয়েছে, এখন তাদের কোনভাবেই আলাদা হতে দিবেন না ডেপ। তার জন্য বিষয়টি এখন যুদ্ধে পরিণত হয়েছে, টাকা তার জন্য বড় কথা নয়। পিস্তল এবং বু’কে তিনি নিজের কাছেই রাখবেন।”
উল্লেখ্য, ২২ বছরের ব্যবধান থাকা সত্ত্বেও চুটিয়ে প্রেম করে হার্ড এবং ডেপ ২০১৪ সালের জানুয়ারিতে আংটি বদল করেন। এর আগে ফরাসি মডেল ভেনেসা প্যারাদিসের সঙ্গে ১৪ বছর এক ছাদের নিচে বসবাস করেছেন ডেপ, একসঙ্গে তাদের রয়েছে দুই ছেলেমেয়ে।
বলা হয়, ২০১১ সালে ‘রাম ডায়রি’তে অভিনয় করতে গিয়ে হার্ডের সঙ্গে প্রেম হয় ডেপের, সেই সূত্র ধরেই প্যারাডিসের সঙ্গে বিচ্ছেদ হয় তার। শারীরিক নির্যাতনের অভিযোগ আনার পর আপাতত ১৭ জুন পর্যন্ত ডেপকে স্ত্রীর কাছ থেকে ‘আইনগতভাবে’ দূরে থাকার নির্দেশ দিয়েছে আদালত। মিরর।
