নাটোরে খ্রিস্টান ব্যবসায়ী সুনীল গোমেজ খুনের ঘটনায় গ্রেফতার হওয়া ভাড়াটিয়া ট্রাকচালক আব্দুল্লাহ আল মামুন ওরফে সবুজ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য দুইদিনের রিমান্ড দিয়েছে আদালত। মঙ্গলবার নাটোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শামসুল আল আমিন এই আদেশ দেন।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হাই জানিয়েছেন, সোমবার সবুজ আলীকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। মঙ্গলবার শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
এদিকে ঘটনার পর মামলা তদন্তে নাটোরের গোয়েন্দা পুলিশকে সহযোগিতার জন্য সোমবারই ঢাকা থেকে গোয়েন্দা পুলিশ (এসবি)র দুই সদস্যের একটি টিম নাটোরে এসে পৌঁছেছে। মামলার তদন্ত চললেও এখন পর্যন্ত তদন্ত কর্মকর্তাদের হাতে সুনিদিষ্ট কোন তথ্য আসেনি বলে জানা গেছে।
রবিবার দুপুরে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া মা মারিয়া গীর্জার পশ্চিম পাশে সুনীল দানিয়েল গোমেজ (৬০) নামে এক খ্রিস্টান মুদি দোকানীকে কে বা কারা দোকানের মধ্যেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। পথচারীরা দোকানের দরজার উপর তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ জেলা প্রশাসন ঘটনাস্থলে ছুটে যান। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। বিকালে জঙ্গি সংগঠন আইএস তাদের ওয়েবসাইটে এই হত্যার দায় শিকার করে।
