মোহাম্মদ আলীর খাটিয়া বইবেন লুইস ও স্মিথ

আপডেট : ০৭ জুন ২০১৬, ১৭:০৬
সর্বকালের সেরা বক্সার মোহাম্মদ আলীর শেষকৃত্য অনুষ্ঠিত হবে শুক্রবারে। মহাতারকা এই বক্সারের খাটিয়া বইবেন সাবেক ব্রিটিশ হেভিওয়েট চ্যাম্পিয়ন লেনক্স লুইস ও জনপ্রিয় হলিউড অভিনেতা উইল স্মিথ।
 
লন্ডনে জন্ম নেয়া ৫০ বছর বয়সী লুইস ১৯৯৯ সালে অবিসংবাদিত ভাবে বিশ্বচ্যাম্পিয়ন হন। আর উইল স্মিথ মোহাম্মদ আলিকে নিয়ে নির্মিত বায়োপিকে তার চরিত্রে অভিনয় করেছিলেন। গত শুক্রবারে তিন বারের হেভিওয়েট চ্যাম্পিয়ন মোহাম্মদ আলী ৭৪ বছর বয়সে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্সের একটি হাসপাতালে মারা যান। তার জন্মশহর লুইসভিলে অনুষ্ঠিত হবে তার শেষকৃত্য ও জানাজা।
 
তার খাটিয়া বহনকারী অন্য ব্যক্তিদের মধ্যে আছেন তার এক সময়ের প্রতিদ্বন্দ্বী ও সাবেক হেভিওয়েট চ্যাম্পিয়ন জিমি এলিসের ভাই জেরি এলিস, আলীর জ্ঞাতি ভাই জন গ্র্যাডি ও জ্যান ওয়াডেল, ভাগ্নে ইবনে আলি প্রমুখ। শুক্রবারের মোহাম্মদ আলীর শেষ বিদায়ের অনুষ্ঠানে তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তায়িপ এরদোগান, জর্ডানের কিং আব্দুল্লাহ, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন সহ বিনোদন জগতের অনেক তারকারা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে এবং ১১ তারিখ বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টার সময়ে লাইভ স্ট্রিমিং করা হবে ইন্টারনেটে। বিবিসি।