কুমিল্লার দাউদকান্দিতে আবদুস সালাম নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে তার স্ত্রী শাহীনা আক্তারকে ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক নূরনাহার বেগম শিউলী এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি শাহিনা আক্তার জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছেন। তিনি দাউদকান্দির মালিগাঁও গ্রামের আবদুল আজিজ ভূঞার মেয়ে।
জানা গেছে, জেলার দাউদকান্দি উপজেলার মালিগাঁও গ্রামের মাওলানা বক্স ভূইয়ার ছেলে সৌদি প্রবাসী আবদুস সালাম ৫ বছর পর সৌদি আরব থেকে ২০০৬ সালের ২০ সেপ্টেম্বর দেশে ফিরেন। এর চারদিন পর ২৪ সেপ্টেম্বর রাতে খুন হন তিনি । একপর্যায়ে তাদের বাড়ির পাশের একটি ডোবা থেকে আবদুস সালামের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের মা সুফিয়া খাতুন বাদী হয়ে ২৫ সেপ্টেম্বর অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেন। তদন্তে আবদুস সালাম হত্যাকাণ্ডে তার স্ত্রী শাহীনা আক্তার (২৯) ও পরকীয়া প্রেমিক একই গ্রামের মৃত চান মিয়ার ছেলে মাসুদ আলমের (৩০) সম্পৃক্ততা খুঁজে পায় পুলিশ। মাসুদ আলমকে গ্রেফতারের পর রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে একপর্যায়ে তিনি হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে দাউদকান্দি থানা হাজতে মাসুদ আত্মহত্যা করেন। মামলার তদন্ত কর্মকর্তা শাহীনা আক্তারকে অভিযুক্ত করে ২০০৭ সালের ২৫ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন। এ মামলায় সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার শাহীনা আক্তারকে ফাঁসির আদেশ প্রদান করেন আদালত।
