ম্যানচেস্টার ইউনাইটেডে খেলবেন গেইল!

আপডেট : ০৭ জুন ২০১৬, ১৭:২২
ইতোমধ্যেই ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিয়েছেন হোসে মরিনহো। পর্তুগিজ কোচের সঙ্গে দেখা করে ক্লাবের ফুটবলার হতে ইচ্ছে পোষণ করেছেন ক্যারিবীয় ব্যাটসম্যান ক্রিস গেইল।
 
রেড ডেভিলসদের কোচকে নিজের ফুটবলের প্রতি ভালবাসার কথা জানান তিনি। ইচ্ছে পোষণ করেন ক্রিকেট ছেড়ে দেওয়ার পর এই ক্লাবের হয়ে নাম লেখানোর।
 
সম্প্রতি ইংল্যান্ডে রয়েছেন গেইল। সেখানে ফুটবলের জনপ্রিয় ক্লাব ম্যানইউ সফরে যান তিনি। এক ব্রিটিশ রিপোর্টারকে ড্যাশিং এই ওপেনার জানান, ক্রিকেট ছেড়ে ম্যানইউয়ের হয়ে ফুটবল খেলবেন তিনি।
 
রিপোর্টারদের সঙ্গে মজা করাটা গেইলের নতুন কিছু নয়। এবারও তিনি মজার ছলেই ক্রিকেট ছেড়ে দেবার কথা জানালেন কি না তা নিশ্চিত নয়। তবে, গেইল তার ইন্সট্রাগ্রামে ম্যানইউয়ের জার্সি গায়ে ক্লাবের বাইরে দাঁড়িয়ে তোলা একটি ছবি পোস্ট করেছেন। সেখানে তার হাতে ম্যানইউ ফুটবল ক্লাবের স্কার্ফ ছিল।