বড়াইগ্রামে ব্যবসায়ী হত্যায় আটক সবুজ রিমান্ডে

আপডেট : ০৭ জুন ২০১৬, ১৭:৫৯
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় সুনীল গোমেজ (৬০) নামে এক মুদি দোকানীকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আটক ভাড়াটিয়া ট্রাক ড্রাইভার আব্দুল্লাহ আল মামুন সবুজের (৩০) দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। অন্যদিকে মামলার তদন্ত সমন্বয়ের জন্য ৬ সদস্যের একটি মনিটরিং টিম গঠন করা হয়েছে।
 
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নাটোরের গোয়েন্দা পুলিশের ওসি ও মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল হাই আটক ট্রাক ড্রাইভার জেলার লালপুর উপজেলার কদিমচিলান গ্রামের শফিকুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল মামুন সবুজকে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন। সোমবারই তার ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। মঙ্গলবার আদালতের বিচারক শামসুল আল আমিন শুনানি শেষে তার দুইদিনের রিমান্ড মুঞ্জুর করেছেন।
 
এদিকে, এ মামলা সুষ্ঠভাবে পরিচালনা ও তদন্ত কাজে সহায়তার জন্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দিনকে প্রধান করে ছয় সদস্যের একটি তদন্ত মনিটরিং টিম গঠন করা হয়েছে। টিমের অন্যান্য সদস্যরা হলেন- বড়াইগ্রামের এএসপি (সার্কেল) শফিকুল ইসলাম, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক (ইন্সপেক্টর) মোহাম্মদ আব্দুল হাই, বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) এমরান হোসেন, জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক সিরাজুল ইসলাম ও সুজন হোসেন। এদিকে, ঘটনার পর মামলা তদন্তে নাটোরের গোয়েন্দা পুলিশকে সহযোগিতার জন্য সোমবারই ঢাকা থেকে গোয়েন্দা পুলিশের (এসবি) দুই সদস্যের একটি টিম নাটোরে এসে পৌঁছেছেন। মঙ্গলবার সকাল থেকে তারা বনপাড়ায় অবস্থান করছেন এবং ঘটনাস্থল পরিদর্শন করছেন। তারা হলেন ঢাকা পুলিশের বিশেষ শাখায় কর্মরত পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) ফরিদুল ইসলাম ইসলাম ও উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদের।