বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সংসদকে জানিয়েছেন, রমজানে কিছু পণ্যের অতিরিক্ত চাহিদা সৃষ্টি হলেও দেশীয় বাজারে পণ্যের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধির খবর সঠিক নয়।
মঙ্গলবার সংসদে টেবিলে উপস্থাপিত প্রশ্নোত্তরে হবিগঞ্জ-১ আসনের জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য আব্দুল মুনিম চৌধুরী বাবুর এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা জানান।
একই প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, মুক্তবাজার অর্থনীতিতে পণ্যের মূল্য বাজার কর্তৃক নির্ধারিত হয় এবং তা চাহিদা ও সরবরাহের ওপর নির্ভরশীল। পবিত্র রমজান উপলক্ষে কিছু পণ্যের অতিরিক্ত চাহিদা সৃষ্টি হলেও সরবরাহ স্বাভাবিক রয়েছে। তবে কিছু পণ্য আমদানি নির্ভর হওয়ায় আন্তর্জাতিক বাজারে সংশ্লিষ্ট পণ্যের মূল্য হ্রাস-বৃদ্ধির কারণে দেশীয় বাজারে এর প্রভাব পড়ে।
তোফায়েল আহমদ মন্ত্রী জানান, দেশীয় বাজারে পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সঙ্গে বিভিন্ন সময়ে সভা করা হচ্ছে। তারা নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য অনুকূলে থাকবে বলে সরকারকে আশ্বস্ত করেছেন। বিগত সরকারের পাঁচ বছর এবং বর্তমান সরকারের সময়ে নিত্য প্রয়োজনীয় পণ্যাদির বাজার পরিস্থিতি সর্বস্তরের আমদানিকারক, পরিবেশক ও ব্যবসায়ীদের সহযোগিতায় স্বাভাবিক ও স্থিতিশীল রাখা সম্ভব হয়েছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।
