ঈদ ইত্যাদিতে ৪ তারকার বিশেষ নৃত্য

আপডেট : ০৮ জুন ২০১৬, ১৫:১৭
 
 
প্রতিবছরেই ঈদ ইত্যাদি মানেই বিশেষ আয়োজন। এবারেও সেই ধারাবাহিকতার কোনো ব্যতিক্রম ঘটছে না।  নন্দিত নির্মাতা হানিফ সংকেত এবারের ‘ইত্যাদি’তেও একটি ভিন্ন আঙ্গিকের নাচের আয়োজন করেছেন। আর এই নাচটিতে অংশগ্রহণ করেছেন শোবিজের ৪ তারকা শিল্পী চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়িকা পূর্ণিমা, মডেল অভিনেতা নোবেল ও অভিনেত্রী অপি করিম। তাদের সঙ্গে রয়েছেন প্রায় অর্ধশত নৃত্যশিল্পী।
 
IMG0
প্রতিবছরই ঈদ ‘ইত্যাদি’র এই নাচটির জন্য নুতনভাবে মিউজিক তৈরি করা হয়। এবারের নাচের মিউজিকটিতে  রয়েছে  ক্লাসিক্যাল ও আধুনিক কম্পোজিশানের সংমিশ্রণ। তরুন সংগীত পরিচালক আজিজুর রহমান টিংকু’র মাধ্যমে বেশ কিছু তরুন গায়ক গায়িকার বিভিন্ন ধরনের কণ্ঠ প্রতিভাকে কাজে লাগিয়ে হানিফ সংকেত এই মিউজিকটি তৈরি করেছেন।  নৃত্য পরিচালনা করেছেন ওয়াসেক। গানটিতে অংশগ্রহণকারী শিল্পীদের ব্যবহূত পোশাকেও রয়েছে ভিন্নতা।
 
IMG1
উল্লেখ্য, ইত্যাদির নাচের শিল্পীদের পোশাক কোন স্পন্সর প্রতিষ্ঠান থেকে নেয়া হয় না। ফাগুন অডিও ভিশনই এসব পোশাক সরবরাহ করে। ফাগুন অডিও ভিশন জানায়, ‘ইত্যাদি’র এবারের এই নাচটি দর্শকদের ভিন্নরকম আনন্দ দিবে। সবসময় যে ধরনের নাচ এবং নাচের মিউজিক শুনে দর্শকরা অভ্যস্ত এই নাচটি তার চাইতে ব্যতিক্রম। মিউজিকে যেমন নুতনত্ব রয়েছে তেমনি নাচের কম্পোজিশনেও রয়েছে বৈচিত্র্য। নৃত্যশিল্পীরাও নেচেছেন দুর্দান্ত। অংশগ্রহণকারী সবাই ছিলেন নাচটির ব্যাপারে খুবই আন্তরিক।