প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধে নাশকতা ঠেকাতে মানুষ যেভাবে এগিয়ে এসেছিল, সেভাবে সাম্প্রতিক সময়ে একের পর এক গুপ্তহত্যা বন্ধে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি।
বুধবার দুপুরে গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শেখস হাসিনা বলেন, যারা সত্যিকারের ধর্মে বিশ্বাসী, তাদের সবাইকে আহ্বান জানাব, তাদের পরিবারের কোনো সদস্য জঙ্গিবাদের পথে যাচ্ছে কি না, সেটা দেখাও তাদের কর্তব্য। মানুষের মধ্যে এই চেতনাটা জাগ্রত করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাক, যারা তা চায়নি, তাদেরই একটা নীল নকশা এটা। সেই নীল নকশা তারা কায়েম করার চেষ্টা করে যাচ্ছে। বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য, অগ্রগতি ব্যাহত করার জন্যই একের পর এক গুপ্তহত্যা ঘটানো হচ্ছে। দেশের মানুষ সচেতন হলে গুপ্তহত্যাকারীরা তাদের সেই নীল নকশা আর বাস্তবায়ন করতে পারবে না।
সরকারের মন্ত্রিপরিষদের সদস্যদের পাশাপাশি জ্যেষ্ঠ কর্মকর্তারা গণভবনে এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
