লঙ্কাবাংলা ফিন্যান্স লিমিটেড এবং মাস্টারকার্ড ২০১৬ দেশের গ্রাহকদের জন্য নতুন একটি ক্রেডিট কার্ড চালুর ঘোষণা দিয়েছে। লঙ্কা বাংলা টাইটেনিয়াম মাস্টারকার্ড ক্রেডিট কার্ডধারীরা মাস্টারকার্ডের ১২০০-এরও বেশি পার্টনার মার্চেন্টের নেটওয়ার্কে মূল্যছাড়সহ কিছু সুযোগ-সুবিধা পাবেন।
লঙ্কাবাংলা টাইটেনিয়াম মাস্টারকার্ড ক্রেডিট কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে লঙ্কাবাংলা ফিন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক খাজা শাহরিয়ার এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রিটেল ফিন্যান্সের প্রধান খুরশেদ আলম; মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল ও ভাইস প্রেসিডেন্ট গীতাঙ্ক ডি দত্তসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন এই লঙ্কাবাংলা টাইটেনিয়াম মাস্টারকার্ড ক্রেডিট কার্ড ব্যবহারে গ্রাহকদের জন্য রয়েছে নানা ধরনের সুযোগ-সুবিধার প্যাকেজ। এই কার্ডধারীরা কার্ড নেওয়ার প্রথম বছরে কমপ্লিমেন্টারি হিসেবে বিনামূল্যে বেশ কিছু সুযোগ-সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে জীবনবীমার সুবিধাও। সে অনুযায়ী কার্ড নেওয়ার পর কোনো গ্রাহকের দুর্ঘটনাজনিত মৃত্যু ঘটলে তাঁর ওয়ারিশগণ ৫ লাখ টাকা ক্ষতিপূরণ পাবেন।
টাইটেনিয়াম কার্ডধারীরা কক্সবাজার ও সিলেটের শীর্ষস্থানীয় হোটেল-রিসোর্টগুলোতে বাই-ওয়ান-গেট-ওয়ান ফ্রি অর্থাৎ হোটেলে অতিরিক্ত রাত বিনামূল্যে থাকার সুবিধাও উপভোগ করতে পারবেন। এ ছাড়া গ্রাহকেরা লঙ্কাবাংলার ইজি-পে ইন্সটলমেন্ট স্কিমের আওতায় শূন্য শতাংশ (০%) সুদে ১২ মাস পর্যন্ত টাকা পরিশোধের সুযোগ পাবেন, বছরব্যাপী ক্যাশ-ব্যাক সুবিধা এবং বছরে ১২টি লেনদেন করলে সম্পূর্ণ বিনামূল্যে কার্ড নবায়নের সুবিধাও পাবেন।
