ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে।
বুধবার জেলা ও দায়রা জজ দেওয়ান মো. সফিউল্লাহর আদালতে নির্ধারিত দিন থাকলেও সাক্ষী না আসায় সাক্ষ্যগ্রহণ হয়নি বলে পিপি হাফেজ আহম্মদ জানান।
তিনি বলেন, ঘটনার সময় একরামের গাড়িতে থাকা সাংবাদিক মো. মুহিবুবুল্লাহ ফরহাদ, আবু সাঈদ শিমুল ও প্রত্যক্ষদর্শী দোলোয়ার হোসেনের আদালতে সাক্ষ্য দেয়ার কথা ছিল। তারা আদালতে উপস্থিত না হওয়ায় রাষ্ট্রপক্ষ সময় চাইলে বিচারক আগামী ২২ জুন সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন রাখেন। এর আগে দুপুরে একরাম হত্যা মামলায় গ্রেপ্তার ৪৪ আসামির মধ্যে ৪০ আসামিকে আদালতে হাজির করা হয়।
এ পর্যন্ত মামলার বাদী একরামের বড় ভাই রেজাউল হক জসিম, স্ত্রী তাসমিন আক্তারসহ আটজনের সাক্ষ্য নিয়েছে আদালত।
২০১৪ সালের ২০ মে ফেনী শহরের বিলাসী সিনেমা হলের সামনে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরামকে গুলি করে, কুপিয়ে গাড়িসহ পুড়িয়ে হত্যা করা হয়। পরে নিহতের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপি নেতা মাহাতাব উদ্দিনের মিনার চৌধুরীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০-৩৫ জনকে আসামি করে ফেনী মডেল থানায় মামলা করেন। ওই বছর ২৮ অগাস্ট ৫৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। এ মামলায় গ্রেপ্তারদের মধ্যে চারজন জামিনে আছেন। পলাতক আছেন ১২ আসামি।
