এমপি মমতাজ হত্যা : জামিন মেলেনি আসামি আরিফের

আপডেট : ০৮ জুন ২০১৬, ১৯:০৭
নাটোরের সাবেক এমপি মমতাজউদ্দিন হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি আরিফের জামিন মেলেনি। তার জামিন আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
 
বিচারপতি আবু বকর সিদ্দিকী ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের ডিভিশন বেঞ্চ বুধবার এই আদেশ দেন।
 
২০০৩ সালের ৬ জুন নাটোরের গোপালপুর বাজার থেকে বাড়ি যাওয়ার পথে ১০-১২ জন সন্ত্রাসী তাকে কুপিয়ে হত্যা করে। পরদিন নিহতের ভাই অ্যাডভোকেট আবুল কালাম আজাদ লালপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০০৪ সালের ২১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২০১৩ সালের ১৩ মার্চ বিচারিক আদালত ৯ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৩ জনকে বেকসুর খালাস দেয়। আরিফ দণ্ডপ্রাপ্তদের একজন। কারাবন্দি অবস্থায় তিনি জেল আপিল দায়ের করেন। ওই আপিলে জামিন চেয়ে আবেদন করেন আরিফ।
 
তার পক্ষে ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনিরুজ্জামান রুবেল এবং সহকারী অ্যাটর্নি জেনারেল দেলোয়ারা বেগম বেলা শুনানি করেন। শুনানি শেষে আদালত জামিন দিতে অপরাগতা প্রকাশ করেন। পরে আসামির আইনজীবী আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজের আবেদন জানালে আদালত তা মঞ্জুর করে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।