মহাখালীতে সাবেক সেনা কর্মকর্তার আত্মহত্যার চেষ্টা

আপডেট : ০৮ জুন ২০১৬, ২১:১৮
 
রাজধানীর মহাখালীতে সেনাবাহিনীর এক অবসরপ্রাপ্ত কর্মকর্তা লাইসেন্সকৃত বন্দুক দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। তার নাম সার্জেন্ট (অব.) রফিকুল ইসলাম (৫০)। তিনি মহাখালীর পুনর্ভবা নামের একটি সিকিউরিটি কোম্পানির একজন কর্মকর্তা। মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে মহাখালীতে গজনবী পুকুরপাড়ের ৬৮/২, পুনর্ভবা সিকিউরিটি কোম্পানীতে এ ঘটনা ঘটে।
 
আহতের সহকর্মীরা দাবি করেছেন, অসাবধানতাবশত তার বন্দুক থেকে একটি গুলি বের হয়ে বুকের বাম পাশে বিদ্ধ হয়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
 
তবে বনানী থানার ওসি সালেহ উদ্দিন জানান, আহতের কাছ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে তিনি পারিবারিক অসন্তোষ ও চিকিত্সা জনিত কারণে আত্মহত্যার সিন্ধান্ত নেন বলে উল্লেখ করেছেন। চিকিত্সার জন্য এক লাখ টাকার সংস্থান করতে পারেননি বলে তিনি মানসিক অশান্তিতে ভুগছিলেন। এ ঘটনায় বনানী থানায় এখনও কোনো মামলা হয়নি। তার বাড়ি নীলফামারীতে। মহাখালীতে একটি বাসায় সপরিবারের থাকেন।
 

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার রাত ১১ টার দিকে তাকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। বুকের বাম পাশ দিয়ে গুলি বেরিয়ে গেছে। এতে তার বুকের চামড়া ছিঁড়ে গেছে। কোনো অপারেশন প্রয়োজন হয়নি। তিনি এখন আশংকামুক্ত বলে চিকিত্সকরা জানিয়েছেন।