আদর্শ নাগরিক কুমির!

আপডেট : ০৯ জুন ২০১৬, ০৯:৪৩
 
পৃথিবীর ব্যস্ত শহরগুলোতে অনেক সময়ই দেখা যায় রাস্তা পার হওয়ার ক্ষেত্রে লোকজন নিয়মের তোয়াক্কা করে না। একদিকে রাস্তায় দ্রুতগতিতে ছুটে চলছে গাড়ি, তার মধ্যে রাস্তা পার হচ্ছে লোকজন। ভারত, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে প্রতি বছর রাস্তা পার হতে গিয়ে হতাহতের সংখ্যাও নেহাত কম না।
 
তবে রাস্তা পারাপারের ক্ষেত্রে একজন আদর্শ নাগরিকের মতোই দায়িত্বশীলতার পরিচয় দিয়ে সাড়া ফেলে দিয়েছে একটি কুমির।
 
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি ব্যস্ত রাস্তার একপাশ থেকে অন্যপাশে যাচ্ছিল কুমিরটি। তবে কোনো রকম তড়িঘড়ি না করে কুমিরটি নিরাপদে রাস্তা পারাপারের জন্য জেব্রা ক্রস ব্যবহার করে। একজন আদর্শ নাগরিকের মতো এভাবে কুমিরটির রাস্তা পারের ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়ে যায়। রাস্তায় দায়িত্বপালনকারী এক পুলিশ কর্মকর্তা কুমিরটির রাস্তা পারের ঐ ছবিটি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, এভাবে আইন মেনে খুব কম মানুষই রাস্তা পার হন। এক্ষেত্রে কুমিরটি একটি নজির সৃষ্টি করেছে। তার থেকে মানুষের শিক্ষা নেয়ার আছে। ইউপিআই।