প্রতারণা ও জালিয়াতির মামলার তদন্তভার দুদকের হাত থেকে পুলিশের কাছে ফিরিয়ে দেওয়ার আইন সংশোধনের প্রস্তাব সংসদে পাস হয়েছে।
বৃহস্পতিবার সংসদ কাজে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী সংসদে ‘দুর্নীতি দমন কমিশন (সংশোধন) বিল-২০১৬’ পাসের প্রস্তাব করেন।
বিলটি পাস হওয়ায় সরকারি সম্পত্তি সম্পর্কিত এবং সরকারি ও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালন সংক্রান্ত প্রতারণা বা জালিয়াতি মামলা ছাড়া অন্যান্য প্রতারণা ও জালিয়াতি মামলার দায়িত্ব পুলিশ পাবে।
তবে সরকারি সম্পত্তি এবং সরকারি ও ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালন সংক্রান্ত প্রতারণা ও জালিয়াতির মামলার ভার দুদকের হাতেই রাখার বিধান রাখা হয়েছে।
সংসদে মতিয়া চৌধুরী বলেন, সংশোধনের মাধ্যমে দুর্নীতি দমন কমিশন আইন-২০১৪ এর তফসিলভুক্ত ‘দ্য পেনাল কোড-১৮৬০’ এর কতিপয় ধারা পূর্বের ন্যায় পুলিশ কর্তৃক তদন্তযোগ্য এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার্য হওয়ার বিধান পুনঃপ্রতিষ্ঠিত হবে। সেক্ষেত্রে মামলার নিষ্পত্তির হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং বিচারপ্রার্থী জনগণ এর সুফল লাভ করে বলে আশা করা যায়।
গত ২২ নভেম্বর বিলটি সংসদে তোলেন মতিয়া চৌধুরী। পরে বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেয়ার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
এর আগে বিলের ওপর বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ ও ফখরুল ইমামের দেয়া দুইটি সংশোধনী গ্রহণ করা হয়। এছাড়া জাতীয় পার্টির সদস্যদের অন্যান্য সংশোধনীগুলো কণ্ঠভোটে নাকচ হয়।
