বাংলাদেশের ভারত সফর নিয়ে অনিশ্চয়তা কিছুটা কাটলো। বাংলাদেশের বিপক্ষে টেস্টের ভেন্যু ঘোষণা করেছে বিসিসিআই। ভারতে প্রথমবারের মতো টেস্ট সফরে মুশফিকুর রহিমের দল একমাত্র ম্যাচটি খেলবে হায়দ্রাবাদে।
বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ট্যুর প্রোগ্রাম ও সূচি কমিটির সভা শেষে জানানো হয়েছে ২০১৬-১৭ মৌসুমে ভারতের মাটিতে সিরিজগুলোর ভেন্যু। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের ভেন্যু চূড়ান্ত হলেও এখনও তারিখ ঘোষণা করা হয়নি।
২০০০ সালে টেস্ট মর্যাদা পেলেও একমাত্র ভারতের মাটিতেই এখনও পর্যন্ত কোনো টেস্ট খেলা হয়নি বাংলাদেশের।
আইসিসির ভবিষ্যত সফরসূচি অনুযায়ী আগামী অগাস্টে ভারতে খেলতে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু জুলাই-অগাস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবেন বিরাট কোহলিরা। চার টেস্টের সেই সিরিজ শেষ হবে ২২ আগস্ট।
