বাহুবলে ৪ শিশু হত্যা : দুইজনের জামিন মঞ্জুর

আপডেট : ০৯ জুন ২০১৬, ১৬:৪২
হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে চাঞ্চল্যকর ৪ শিশু হত্যা মামলায় কারাগারে থাকা ২ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত।
 
তদন্তে তাদের সংশ্লিষ্টতা না পাওয়ায় অভিযোগপত্র থেকে তাদের অব্যাহতি দেয়ার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এর পরিপ্রেক্ষিতে বিচারক ওই দুইজনের জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে কারাগারে থাকা অপর ৫ আসামির জামিন নামঞ্জুর করা হয়েছে। তবে বৃহস্পতিবারও মামলার অভিযোগপত্র আমলে নেয়া হয়নি। আগামী ২০ জুন অভিযোগপত্রের বিষয়ে শুনানির দিন ধার্য্য করেছেন নারী ও শিশু নির্যাতন দমন আদালতের জেলা জজ কিরণ শংকর হালদার।
 
আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে আদালতে ৭ আসামির জামিন আবেদন করেন তাদের আইনজীবীরা। শুনানি শেষে বিচারক ২০ হাজার টাকার বন্ডে সালেহ আহমদ ও তার ভাই বশির আহমদের জামিন মঞ্জুর করেন। কারাগারে থাকা অন্য আসামি আব্দুল আলী ওরফে বাগাল, তার ছেলে রুবেল মিয়া ও জুয়েল মিয়া, হাবিবুর রহমান আরজু এবং সাহেদ আলী ওরফে সায়েদের জামিন আবেদন নামঞ্জুর করা হয়। এ মামলায় এখনও পর্যন্ত পলাতক রয়েছে উস্তার মিয়া, বেলাল মিয়া ও বাবুল মিয়া।
 
বাদীপক্ষের আইনজীবী ত্রিলোক কান্তি চৌধুরী বিজন জানান, এটি একটি চাঞ্চল্যকর মামলা। চার্জশিট গ্রহণ না হওয়া পর্যন্ত পলাতক ৩ আসামির বিরুদ্ধেও তেমন আইনি কোন পদক্ষেপ নেয়া যাচ্চেনা। আদালতের নির্দেশনা না পেয়ে পুলিশ তাদের গ্রেফতারও করতে পারছেনা।
 
উল্লেখ্য, সুন্দ্রাটিকি গ্রামের জাকারিয়া আহমেদ শুভ (৮), তার চাচাতো ভাই মনির মিয়া (৭), তাজেল মিয়া (১০) ও ইসমাইল হোসেন (১০) গত ১২ ফেব্রুয়ারি গ্রামের পার্শ্ববর্তী মাঠে খেলা দেখতে গিয়ে নিখোঁজ হয়। ১৭ ফেব্রুয়ারি বাড়ির অদূরে একটি বালুর ছড়া থেকে মাটি চাপা দেয়া অবস্থায় তাদের লাশ উদ্ধার করে পুলিশ।