আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, জনমনে আতঙ্ক সৃষ্টি আর বাংলাদেশ ভয়ের দেশ- এটা প্রমাণ করতেই টার্গেট হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে। সরকার এদের দমনে দিন-রাত কাজ করছে।কারণ, বাংলাদেশ ভয়ের দেশ না। আমরা সাহসী জাতি। যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। দু’একটি খুন করে বাংলার মানুষের মনে ভয় ধরানো যাবে না।
বৃহস্পতিবার সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) ৬১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদেরকে এসব কথা বলেন তিনি।
সৈয়দ আশরাফ বলেন, বিশ্বভ্রাতৃত্বের প্রধান শত্রু হচ্ছে সন্ত্রাস-জঙ্গিবাদ। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে সেই সন্ত্রাস-জঙ্গি দমনে বাংলাদেশ বিশ্বের কাছে রোল মডেলে পরিণত হয়েছে। সন্ত্রাস বিরোধীতায় শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে পাশে আছেন বিশ্বনেতারা। জঙ্গি-সন্ত্রাস দমনের কারণেই তিনি (শেখ হাসিনা) আজ বিশ্বনেতা।
তিনি আরও বলেন, খালেদা জিয়ার দুঃশাসনে এ দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়ে ঠেকেছিল। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। বিশ্ব বাংলাদেশের উন্নয়নের স্বীকৃতি দিচ্ছে। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে আগামীতে জি-৭ এর পরিবর্তে জি-৮ সম্মেলন হবে, যেখানে অর্ন্তভুক্ত হবে বাংলাদেশ।
এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও মেরিট মেডেল প্রদান করেন সৈয়দ আশরাফ। এছাড়া সর্ব্বোচ্চ নম্বর পেয়ে মেধা তালিয়ায় প্রথম স্থান অধিকারী সহকারী পুলিশ কমিশনার আতিকুল ইসলাম প্রধানকে বিপিএটিসি’র রেক্টর পদক প্রদান করেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয় সস্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান।ছয়মাস মেয়াদি এ কোর্সে জুডিসিয়াল সার্ভিসসহ বাংলাদেশ সিভিল সার্ভিসের ১৭টি ক্যাডারের মোট ৫৪৫ জন নবীণ কর্মকর্তা অংশ নেন।
