জন উইলসন স্কুল: বর্ধিত ফি না নেয়ার আদেশ বহাল

আপডেট : ০৯ জুন ২০১৬, ১৮:২২
রাজধানী বাড্ডার সাতারকুলে অবস্থিত স্যার জন উইলসন স্কুলের শিক্ষার্থীদের কাছ থেকে চলতি শিক্ষাবর্ষে বর্ধিত সেশন ও টিউশন ফিসসহ অন্যান্য ফিস আদায় থেকে বিরত রাখার হাইকোর্টের আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ।
 
হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে স্কুল অধ্যক্ষের করা এক আবেদনের ওপর কোন আদেশ দেয়নি চেম্বার আদালতের বিচারপতি মির্জা হোসেইন হায়দার। একইসঙ্গে পহেলা সেপ্টেম্বর বিষয়টি শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেয়া হয়েছে। এই আদেশের ফলে হাইকোর্টের নিষেধাজ্ঞা বহাল রয়েছে বলে জানান ব্যারিস্টার অনীক আর হক।
 
গত ৩০ মে স্যার জন উইলসন স্কুলকে বেসরকারি বিদ্যালয় নিবন্ধন নীতিমালার আওতায় অন্তভূক্তির কেন নির্দেশ দেওয়া হবে না এই মর্মে রুল জারি করে হাইকোর্ট। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের কাছ থেকে চলতি শিক্ষাবর্ষে বর্ধিত সেশন ও টিউশন ফিসসহ অন্যান্য ফিস আদায় থেকে বিরত থাকতে অধ্যক্ষের প্রতি নির্দেশ দেয়া হয়। এই আদেশ স্থগিত চেয়ে আবেদন করেন স্কুল অধ্যক্ষ। অধ্যক্ষের পক্ষে আইনজীবী আব্দুর রব চৌধুরী ও রিটকারী পক্ষে অনীক আর হক শুনানি করেন।
 
স্কুলটির বিভিন্ন খাতে বর্ধিত ফি আদায়ের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ৩৩ জন অভিভাবক। আবেদনে বলা হয়, গত ২১ বছর ধরে পরিচালনা পর্ষদ ছাড়াই শিক্ষা প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। পরিচালনা পর্ষদ ভর্তি ও টিউশন ফি নির্ধারণ করে থাকে। অথচ ট্রাস্টি বোর্ডের মাধ্যমে প্রতিষ্ঠানটির মালিক ভর্তি ও সেশন ফি নির্ধারণ ও আদায় করেছে। যা বেসরকারি (ইংরেজি মাধ্যম) বিদ্যালয় নিবন্ধন নীতিমালা-২০০৭ এর ৭, ৯, ১৭ ও ২০ ধারার পরিপন্থী। আবেদনে আরও বলা হয়, ২০১২ সালে একজন শিক্ষার্থীকে স্কুলে ভর্তি হতে ১ লাখ ২৭ হাজার ৭৮০ টাকা দিতে হত। চার বছরের ব্যবধানে চলতি শিক্ষাবর্ষে (২০১৬-২০১৭) তা নির্ধারন করা হয়েছে ১ লাখ ৯২ হাজার ৮ টাকা। ট্রাস্টি বোর্ড এটি নির্ধারণ করতে করতে পারে না।