ডিপিএলে আবারো জয় ভিক্টোরিয়ার

আপডেট : ০৯ জুন ২০১৬, ১৯:০৮
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের একাদশতম রাউন্ডে জয় পেয়েছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব।  বৃহস্পতিবার ফতুল্লায় গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ২৮ রানে হারিয়ে চলমান আসরের শীর্ষে থেকে সুপার লিগে উঠলো ভিক্টোরিয়া।
 
গাজী জিতলে খেলবে সুপার লিগ। ভিক্টোরিয়া জিতলে শীর্ষে থেকে সুপার লিগের লড়াইয়ে নামার হাতছানি। আরও ছিল গাজী হারলে সুপার লিগে উঠবে ১২ পয়েন্ট নিয়ে অপেক্ষায় থাকা প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
 
ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে হাইভোল্টেজের তকমা পেয়ে যাওয়া ম্যাচটি বৃষ্টির কারণে ৩৩ ওভারে নামিয়ে আনা হয়। আগে ব্যাট করে ভিক্টোরিয়া ৭ উইকেট হারিয়ে তোলে ২১৯ রান। জবাবে, ব্যাটিংয়ে নেমে ৩০.১ ওভারে অলআউট হওয়ার আগে গাজী তোলে ১৯১ রান।
 
১১ ম্যাচে ৫ জয় আর ৬ পরাজয় সঙ্গী করে বিদায় নিতে হলো ১০ পয়েন্ট অর্জন করা গাজীকে। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে বিদায় নিতে হয়েছে মাশরাফি বিন মর্তুজার কলাবাগান ক্রীড়া চক্রকে।  সমান ম্যাচ আর ১২ পয়েন্ট পেলেও প্রাইম ব্যাংক হেড টু হেড জয়ের বিচারে সুপার লিগ নিশ্চিত করে।
 
ভিক্টোরিয়ার ওপেনার আবদুল মজিদ শতক হাঁকান। ৯২ বলে ৮টি চার আর দুটি ছক্কায় তিনি ১০০ রান করে মোহাম্মদ শরীফের বলে বোল্ড হন। দলীয় ৯ রানের মাথায় বিদায় নেন আরেক ওপেনার ফজলে মাহমুদ। তবে, তিন নম্বরে নামা মমিনুল হক এবং আবদুল মজিদ দলকে দারুণ জুটি উপহার দেন।
 
১২২ রানের জুটি গড়েন তারা। মমিনুল হকের ব্যাট থেকে আসে ৭৩ রান। ৬৬ বলে ১০টি বাউন্ডারির সাহায্যে বাংলাদেশের ব্যাডম্যান তার ইনিংসটি সাজান। আল আমিন করেন ২৪ রান।
 
গাজীর হয়ে তিনটি উইকেট নেন শরীফ আর দুটি উইকেট দখল করেন দেলোয়ার হোসেন।
 
জবাবে ব্যাট করতে নেমে জয়ের পথেই ছিল গাজী। টপঅর্ডার আর মিডল অর্ডার ব্যাটসম্যানরা বড় স্কোর করতে না পারলেও দিল্লি ডেয়ারডেভিলসের ব্যাটসম্যান পুনিত বিসট ৮৬ রান করে দলকে লক্ষ্যের দিকে নিয়ে যান। ভারতীয় এই ব্যাটসম্যান ৭৯ বলে ১২টি চারের সাহায্যে তার ইনিংসটি সাজান। ওপেনার এনামুল হক বিজয় এক রান করে সাজঘরে ফেরেন।
 
ওপেনার শামসুর রহমান ৪২ রান করেন। অলোক কাপালি ৩, শরীফ ১০, ইলিয়াস সানি ১৯, মুস্তাকিম ১০ রান করেই আউট হন।