ইংল্যান্ডের ভিসা পেলেন আমির

আপডেট : ০৯ জুন ২০১৬, ২০:০৬
কেটে গেল মোহাম্মদ আমিরের ইংল্যান্ড সফর নিয়ে অনিশ্চয়তা। বৃহস্পতিবার পিসিবি জানিয়েছে, ইংল্যান্ডের ভিসা পেয়েছেন বাঁহাতি ফাস্ট বোলার।
 
৬ বছর আগে সর্বশেষ টেস্ট খেলেছিলেন যেখানে, সেই লর্ডসেই হয়ত আবার টেস্ট ক্রিকেটে ফিরছেন আমির। ২০১০ সালের সেই লর্ডস টেস্টের মাঝামাঝিই অধুনালুপ্ত ‘নিউজ অব দ্য ওয়ার্ল্ড’ ফাঁস করে দেয় আমির, সালমান বাট ও মোহাম্মদ আসিফের স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার খবর। দীর্ঘমেয়াদে ক্রিকেট থেকে নিষিদ্ধ হন তিনজনই। প্রতারণার মামলায় ইংল্যান্ডে জেলও খাটতে হয় তিন জনকে।
 
সেই কারণেই এবার আমিরের ভিসা নিয়ে ছিল অনিশ্চয়তা। গত ২০ মে আমিরের ভিসার জন্য আবেদন জানায় পিসিবি। ভিসা পাওয়া নিয়ে সংশয় থাকার পরও গত রবিবার পাকিস্তানের ১৭ সদস্যের দলে রাখা হয় আমিরকে। ২০১৪ সালে একবার ব্যক্তিগত প্রয়োজনে ইংল্যান্ডে যেতে চেয়ে ভিসা পাননি আমির। সেজন্য এবার পাকিস্তানের বোর্ড, সরকারের পাশাপাশি আমিরের ভিসার জন্য ব্রিটিশ সরকারকে অনুরোধ জানায় ইসিবিও। শেষ পর্যন্ত ভিসা পেলেন আমির।
 
২০১০ সালের সেই লর্ডস টেস্টে ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৮৪ রানে ৬ উইকেট নিয়েছিলেন আমির। এক বছরের টেস্ট ক্যারিয়ারে ১৪ টেস্টে নিয়েছেন ৫১ উইকেট। পাকিস্তান দল ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বে ১৮ জুন। চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি লর্ডসে ১৪ জুলাই থেকে। এরপর স্বাগতিকদের বিপক্ষে ৫টি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টিও খেলবে পাকিস্তান। ক্রিকইনফো্