একটি পক্ষ চোরাগোপ্তা হামলা চালাচ্ছে: ওবায়দুল কাদের

আপডেট : ০৯ জুন ২০১৬, ২০:১২
 
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সরকার উত্খাতে ব্যর্থ হয়ে একটি পক্ষ চোরাগোপ্তা হামলা চালাচ্ছে। পুলিশের মনোবল ভেঙে দুর্বল করার জন্য পুলিশ কর্মকর্তার স্ত্রীকে হত্যা করা হয়েছে।’
 
বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগড়াপাড়া এলাকা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
মন্ত্রী বলেন, ঈদের আগে মহাসড়কের পাশে দোকান পাট বসিয়ে রাস্তা দখল এবং মহাসড়কে সিএনজি, থ্রি-হুইলার ব্যাটারি চালিত কোনো যানবাহন মহাসড়কে চলাচল করতে দেয়া হবে না।
 

ওবায়দুল কাদের বলেন, ঢাকা শহরে নতুন করে সিএনজি চালিত অটোরিকশা নামানোর কোন পরিকল্পনা মন্ত্রনালয়ের নেই। এতে মন্ত্রনালয়ের নৈতিক সমর্থন নেই। তবে হাইকোর্টের নির্দেশনার আলোকে নতুনভাবে ৫ হাজার সিএনজি চালিত অটোরিকশা নামানোর বিষয়ে স্তরাষ্ট্র মন্ত্রণালয় এবং সিটি করপোরেশনের মতামত চাওয়া হয়েছে।