কারাবন্দিদের মাথাপিছু ব্যয় বৃদ্ধির পরিকল্পনা

আপডেট : ০৯ জুন ২০১৬, ২০:৪৪
জীবন যাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় কারাবন্দিদের মাথাপিছু ব্যয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এছাড়া অসচ্ছল বিচারপ্রার্থী জনগণকে আইনি সহায়তা সেবার কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষে দেশব্যাপী কর্মশালা ও সেমিনার আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে আন্তঃমন্ত্রণালয় সভায়। 
 
এছাড়া মিথ্যা মামলায় গ্রেফতার হয়ে যারা দীর্ঘদিন কারাগারে রয়েছেন এবং অর্থের অভাবে মামলা চালাতে পারছেন না তাদের তালিকা করে আইনি সহায়তা সেবার পাশাপাশি জেলা লিগ্যাল এইড কর্মকর্তাদেরকে কারাগার পরিদর্শন করতে বলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আইন মন্ত্রণালয়ের সভাকে অনুষ্ঠিত আন্ত:মন্ত্রণালয়ের সভার আলোচনায় এসব বিষয় স্থান পায়। 
 
আইনমন্ত্রী আনিসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বরাষ্ট্র মন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল, আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মোহাম্মদ শহিদুল হক, আইজি (প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক মালিক আব্দুল্লাহ আল-আমিন, জার্মান ডেভেলপমেন্ট কো-অপারেশন (জিআইজেড) এর প্রতিনিধিসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ এর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।