খুনের পেছনে আওয়ামী লীগ জড়িত : খালেদা জিয়া

আপডেট : ০৯ জুন ২০১৬, ২১:৪৬
গুপ্তহত্যায় বিএনপি-জামায়াতের জড়িত থাকার তথ্য আছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের পাল্টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দাবি করেছেন,আওয়ামী লীগ ও তার রাজনৈতিক মিত্ররাই এতে জড়িত।
 
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের একদিন বাদে বৃহস্পতিবার ঢাকায় এক ইফতার অনুষ্ঠানে  তিনি এ অভিযোগ করেন।
 
খালেদা বলেন, ‘আজ পুলিশ অফিসারের ওয়াইফ পর্যন্ত হত্যা হয়। এটা কেন হল-এটা এখন পর্যন্ত বের করা গেল না কেন? এসব কারা করছে? আমি বলতে চাই, এসব খুন-গুম-হত্যার সঙ্গে আওয়ামী লীগ জড়িত এবং তার সঙ্গে তার দোসররা তারা জড়িত। তাদের ধরলেই সব কিছু বের হবে।’
 
আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট শরিক জাসদের দিকে ইঙ্গিত করে বিএনপি চেয়ারপারসন বলেন, ‘নাম না-ই বা বললাম, আপনারা সবাই জানেন। তারা যে কত মানুষ হত্যা করেছে, কত মানুষকে খুন করেছে, জনগণ জানে। খুন-গুমে সিদ্ধহস্ত হল আওয়ামী লীগের সঙ্গে যারা আছে, তারাই হল গুম-খুনের ওস্তাদ। এই যে পেট্রোল বোমা তাদের আবিষ্কার, তারাই প্রথম বানিয়ে মানুষ হত্যা শুরু করে।’
 
গত এক বছরে লেখক, প্রকাশক, অনলাইন অ্যাক্টিভিস্টদের হত্যার পাশাপাশি বিদেশি, হিন্দু পুরোহিত, খ্রিস্টান যাজক, বৌদ্ধ ভিক্ষু আক্রান্ত হওয়ার পর সম্প্রতি চট্টগ্রামে একই কায়দায় খুন হন এক পুলিশ কর্মকর্তার স্ত্রী।