'পুষ্টিসমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার কাজ করছে'

আপডেট : ০৯ জুন ২০১৬, ২২:০৭
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, 'পুষ্টিসমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।'
 
তিনি বলেন, 'জনগণের পুষ্টিমান উন্নত না হলে দেশের কোনো উন্নয়ন কর্মকাণ্ডই সফল হতে পারে না। স্বাস্থ্য ও পুষ্টি খাতকে চালিকাশক্তি হিসাবে বিবেচনা করে সরকার দেশের অগ্রযাত্রাকে আরো এগিয়ে নিতে সচেষ্ট।'
 
স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ডেমোগ্রাফি অ্যান্ড হেলথ সার্ভে ২০১৪ এর আলোকে স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টিখাতে চলমান কর্মসূচি উন্নয়নে করণীয় বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
 
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিমান কুমার সাহা এনডিসির সভাপতিত্বে সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ওয়াহিদ হোসেন এনডিসি, নিপোর্টের মহাপরিচালক রৌনক জাহান, বিএমএ মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সলান প্রমুখ বক্তব্য রাখেন।
 
মোহাম্মদ নাসিম বলেন, 'মা ও শিশুর স্বাস্থ্যের মান উন্নয়নে সরকারের সাফল্যকে আরো ঊর্ধ্বমুখী করতে বর্তমানে নানাবিধ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। মাতৃমৃত্যু হার কমানোর লক্ষ্যে নিরাপদ প্রসব নিশ্চিত করতে সরকার মিডওয়াইফ প্রশিক্ষণ জোরদার করেছে।'
 
প্রশিক্ষিত মিডওয়াইফদের কমপক্ষে তিন বছর গ্রাম পর্যায়ে পলায়ন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, 'মিডওয়াইফদের গ্রাম পর্যায়ে পলায়ন করা হচ্ছে যাতে গ্রামের প্রসূতি মায়েরা দক্ষ ধাত্রীর সেবা পায়। প্রসূতি মায়েরা যেন প্রাতিষ্ঠানিক সেবা নিয়ে নিরাপদ প্রসব সম্পন্ন করতে পারে সেজন্য সচেতনতামূলক কর্মসূচি হাতে নেওয়ার পাশাপাশি গ্রামের স্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকগুলোকে দক্ষ জনবল ও আধুনিক যন্ত্রপাতিতে সমৃদ্ধ করা হচ্ছে। দেশের অনেক কমিউনিটি ক্লিনিকে এখন নিরাপদ প্রসব সম্পন্ন হচ্ছে।'
 
প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ আগের তুলনায় বৃদ্ধি পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, '১৬ কোটি মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে বাজেটের এই বরাদ্দ পর্যাপ্ত নয়, কিন্তু আমাদের সম্পদের সীমাবদ্ধতা মাথায় রেখে চলতে হবে। সম্পদের অপ্রতুলতা সত্ত্বেও সেবার মান বাড়াতে সরকার নিরলস কাজ করছে।'