‘ধর্মপুর ও বালিগাঁও ইউপি নির্বাচন যেকোনো সময়’

আপডেট : ১০ জুন ২০১৬, ০৯:২৬
ফেনী সদর উপজেলার ধর্মপুর ও বালিগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে উচ্চ আদালতের স্থগিতাদেশ বাতিল করেছে আপিল বিভাগ। বৃহস্পতিবার আপিল বিভাগ স্থগিতাদেশ বাতিল করে যে কোন সময় নির্বাচন আয়োজনের নির্দেশ দেন।
 
ধর্মপুর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শাহাদাত হোসেন সাকা ও বালিগাঁও ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ জানান, তারা ধর্মপুর ও বালিগাঁও ইউনিয়নের নির্বাচন স্থগিতাদেশ বাতিল চেয়ে চেম্বার জজ আদালতে পৃথক দু’টি রিট আবেদন করেন। তাদের পক্ষে মামলা পরিচালনা করেন সাবেক আইন মন্ত্রী ব্যারিস্টার সফিক আহম্মদ।
 
প্রধান বিচারপতি এসকে সিনহা আবেদন দু’টি আপিল বিভাগে স্থানান্তর করলে বৃহস্পতিবার ওই স্থগিতাদেশ বাতিল করা হয়। আদেশে আরো বলা হয়, কমিশন ইচ্ছে করলে যে কোন সময় এ দু’টি ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজন করতে পারবে।
 
ফেনী জেলা নির্বাচন অফিসার মো. মেজবাহ উদ্দিন জানান, এ ব্যাপারে তিনি শুনেছেন তবে তার কাছে এখনও নির্বাচন কমিশনের কাছ থেকে কোন নির্দেশনা আসেনি।
 
ফেনী জেলা প্রশাসক মো. আমিন উল আহসান জানান, সদর উপজেলার ধর্মপুর ও বালিগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে উচ্চ আদালতের স্থগিতাদেশ বাতিল করেছে আপিল বিভাগ এ বিষয়ে তিনি এখনো জানেন না। আদালত বা কমিশন থেকে কোন নির্দেশনা আসেনি।
 
উল্লেখ্য, সীমানা সংক্রান্ত জটিলতার কারণ দেখিয়ে ফেনী সদর উপজেলার ধর্মপুর ও বালিগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিতে উচ্চ আদালতে পৃথক রিট করেন নজরুল ইসলাম ও আক্রামুজ্জামান। পরে ৩১ মে ধর্মপুর ও বালিগাঁও ইউনিয়নের নির্বাচন ৬ মাসের জন্য স্থগিত করেন হাইকোর্টের বিচারক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন ও মো. বদরুজ্জামান।