জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেছেন, 'উন্নয়নের অক্সিজেন হলো রাজস্ব।এই রাজস্বকে সরবরাহ করতে হবে। এর জন্য কর প্রদানের মাধ্যমে দেশে রাজস্ব অনুকূল পরিবেশ তৈরি করা জরুরি। দেশবাসী একসঙ্গে কাজ করলে আগামী অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পূরণ হবে। উন্নয়ন কার্যক্রম পরিচালনায় অভ্যন্তরীণ রাজস্ব আয় বাড়ানোর বিকল্প নেই।'
আজ শুক্রবার রাজধানীর একটি হোটেলে মূসক, শুল্ক এবং আয়কর বিষয়ের ওপর আয়োজিত দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ট্যাক্স ট্রেনিং ইন্সটিটিউট (বিটিটিআই) কর্মশালার আয়োজন করে।
উল্লেখ্য, ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ২ লাখ ৪২ হাজার ৭৫২ কোটি টাকার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে এনবিআরের মাধ্যমে ২ লাখ ৩ হাজার ১৫২ কোটি টাকার কর রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে।
নজিবুর রহমান বলেন, কর প্রশাসন এখন সুশাসন ব্যবস্থাপনার মধ্যে দিয়ে যাচ্ছে। কর কর্মকর্তারা যেন কোনোভাবে দুর্নীতি কিংবা করদাতাদের হয়রানি করতে না পারে, এ ব্যাপারে ‘জিরো টলারেন্স’ দেখানো হচ্ছে। পাশাপাশি ডিজিটাল ব্যবস্থাপনার সুফল করদাতারা পাচ্ছেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, দেশে রাজস্ব সংস্কৃতি গড়ে তোলার প্রয়াস নেয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানসহ সংসদ সদস্যরা নানা জায়গায় কর-রাজস্ব নিয়ে কথা বলবেন। আয়কর, মূসক ও শুল্কের সর্বশেষ আইনের বিষয়ে দেশবাসীকে সচেতন করার চেষ্টা করছি।
বিটিটিআইয়ের প্রধান উপদেষ্টা শ্যামল কান্তি ঘোষের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে এনবিআর সদস্য মো. রেজাউল হাসান, সাবেক সদস্য সৈয়দ আমিনুল করিম, ঢাকা কাস্টমস হাউসের কমিশনার মো. লুৎফর রহমান, বিটিটিআইয়ের পরিচালক শ্যামল চন্দ্র সরকার প্রমুখ বক্তব্য রাখেন।
-বাসস
