পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় এক মাদরাসাছাত্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। মৃত. মো. জাকারিয়া হাওলাদার (২১) দক্ষিণ বেতমোড় গ্রামের মৃত সোবাহান হাওলাদারের ছেলে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার বেতমোড় রাজপাড়া ইউনিয়নের দক্ষিণ বেতমোড় গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা বেতমোড় আশ্রফুল উলুম ফাজিল ডিগ্রি মাদরাসায় স্নাতক (ফাজিল) শ্রেণীতে লেখাপড়া করছিল।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, মাদরাসা ছাত্র জাকারিয়ার ঘর থেকে প্রতিবেশী সৌদি প্রবাসী মো. শাহজাহান পঞ্চায়েতের বসতঘরে বিদ্যুৎ সংযোগ নেয়। ওই বিদ্যুত সংযোগের বিল প্রতিমাসে পরিশোধের কথা থাকলেও প্রবাসী শাহজাহান পঞ্চায়েতের পরিবার তা পরিশোধ করছিলনা। এ নিয়ে বৃহস্পতিবার জাকারিয়ার মা মিনারা বেগমের সঙ্গে প্রবাসী শাহজাহানের স্ত্রী হালিমা বেগমের ঝগড়া বিবাদ হয়। পরে জাকারিয়া ক্ষুব্ধ হয়ে রাত ১০টার দিকে প্রতিবেশী প্রবাসী শাহাজানের ঘরে দেয়া বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় তার আপন ভাগ্নে বাবু হাওলাদার (১৭) তাকে উদ্ধার করতে গেলে সেও আহত হয়। গুরুতর আহত অবস্থায় জাকারিয়াকে ও তার ভাগ্নে বাবুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বেতমোড় ইউপি চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
