খালেদা জিয়া হতাশায় ভুগছেন: বাণিজ্য মন্ত্রী

আপডেট : ১০ জুন ২০১৬, ১৯:৩৯
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এমপি বলেছেন, 'খালেদা জিয়া নির্বাচনে না এসে হতাশায় ভুগছেন। তার দল বর্তমানে জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতিতে আগ্রহ হারিয়ে ফেলেছে। তাই তিনি রাজনৈতিক শিষ্টাচার ছাড়াই উল্টা-পাল্টা কথা বলছেন।'
 
মন্ত্রী শুক্রবার বেলা ১১টায় শহরের গাজীপুর রোডস্থ নিজ বাসভবনে সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন সভায় সভাপতিত্ব করেন।
 
খালেদা জিয়ার সমালোচনা করে মন্ত্রী বলেন, 'তার মধ্যে শিষ্টাচারের পরিবর্তে বর্তমানে উগ্রতা ভর করেছে। তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবমাননার চেষ্টা করছেন। মূলত এর মাধ্যমে তিনি তার হতাশাকেই প্রকাশ করছেন।'
 
তোফায়েল আহমেদ বলেন, 'পবিত্র রমজান উপলক্ষে বর্তমানে বাজার মূল্য স্বাভাবিক রয়েছে। মূল্য নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। শুধু চিনির দাম ছাড়া সকল পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রয়েছে।' অতীতের যে কোন সময়ের চাইতে বাজার মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে বলে মন্ত্রী জানান।
 
কারণ হিসেবে মন্ত্রী বলেন, 'বর্তমান সরকারের আমলে মানুষের অর্থনৈতিক অবস্থার ব্যাপক পরিবর্তন এসেছে। জীবন মানের উন্নতি এসেছে সর্বত্র। ক্রেতারা এখন আর পণ্য ক্রয় করতে গিয়ে দর কষা-কষি করেন না। এসব কিছুই সম্ভব হয়েছে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দূরদর্শিতা ও বিচক্ষণতার সাথে দেশ পরিচালনার জন্য।'