শুরু হলো ফুটবল মৌসুমের দ্বিতীয় টুর্নামেন্ট ফেডারেশন কাপ। শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী আরিফ খান জয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, টাইটেল স্পন্সর ওয়ালটন গ্রুপের সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) সহ অন্যান্য কো-স্পন্সর ও বাফুফের কর্মকর্তাগণ।
উদ্বোধনী ম্যাচে রহমতগঞ্জের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরুতে পিছিয়ে পড়ে একপর্যায়ে লিড নিয়েছিল সাদা-কালো শিবির। কিন্তু দুই অর্ধে কঙ্গোলিজ ফরোয়ার্ড সিয়ো জুনাপিয়োর দুটি গোল পয়েন্ট ভাগাভাগি করতে বাধ্য করে মোহামেডানকে।
কারণ শুরুর চার মিনিটেই পিছিয়ে পড়ে ঐতিহ্যবাহী সাদা কালো শিবির। জাতীয় দলের মিডফিল্ডার সৈয়দ রাশেদ তুর্য্যর মাঝমাঠ থেকে বাড়ানো থ্রু পাস বক্সের ওপর আয়ত্ত্বে নেন কঙ্গোলিজ ফরোয়ার্ড সিয়ো জুনাপিয়ো। দ্রুতগতিতে এগিয়ে ডান পায়ের কোনাকুনি শটে তিনি বল জালে জড়িয়ে দেন।
গোল হজম করে সমতা আনার জন্য মরিয়া হয়ে উঠে মোহামেডান। চাপ সৃষ্টি করে প্রতিপক্ষ শিবিরে কিন্তু প্রথমার্ধের শেষ পর্যন্ত তাদের হতাশা কাটেনি। এর মাঝে ৩২ মিনিটে মিডফিল্ডার বিপলু আহমেদ বক্সের মাঝামাঝি অবস্থান থেকে বল ক্রসপিসের উপরে মারেন। এর পাঁচ মিনিট পর একই ধারায় সুযোগ নষ্ট করেন ফরোয়ার্ড তৌহিদুল আলম সবুজ।
বিরতির পর দ্বিতীয়ার্ধেও চাপ অব্যাহত রাখে মোহামেডান। কিন্তু গোলের দেখা পায়নি তারা। ৫৭ মিনিটে ক্যামেরুনিয়ান মিডফিল্ডার এজেকু প্যাট্রিস মাঝমাঠ থেকে বল দিয়েছিলেন গিনির ফরোয়ার্ড ইসমাইল বাঙ্গুরাকে। বক্সের বাম প্রান্তে শট নেওয়ার পূর্ব মুহূর্তে দারুণ এক ইন্টারসেপশন করে দলকে বিপদমুক্ত করেন নাইজেরিয়ান ডিফেন্ডার এলিটা বেনজামিন।
অবশেষে ৬৩ মিনিটে গোলখরা কাটায় মোহামেডান। মাঝমাঠ থেকে দ্রুত বল নিয়ে রহমতগঞ্জ বক্সে ঢুকে পড়েন মিডফিল্ডার মাশুক মিয়া জনি। তিনি মাটি কামড়ানো শট নিলে বল হাত ফসকে যায় রহমতগঞ্জ গোলরক্ষক আল আমিনের। আর ফাঁকায় দাঁড়ানো ইসমাইল বাঙ্গুরা বল ঠেলে দেন পোস্টে।
তবে ৭৮ মিনিটে গোল করেন সিয়ো জুনাপিয়ো। মিডফিল্ডার ফয়সাল আহমেদের ফরোয়ার্ড বলে জুনাপিয়ো বক্সের বামপ্রান্ত থেকে বাঁ পায়ের বাঁকানো শটে দূরের জালে বল জড়িয়ে দেন।
এবারের ফেডারেশন কাপে ১২টি দল অংশ নিয়েছে। দলগুলোকে চারটি গ্রুপে বিভক্ত করা হয়েছে। ১০ জুন থেকে ১৫ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে গ্রুপপর্বের খেলা। ১৭ থেকে ২০ জুন অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল। ২২ ও ২৩ জুন হবে সেমিফাইনাল। আর ২৬ জুন হবে ফাইনাল।
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ৫ লাখ ও রানার আপ দল ৩ লাখ টাকা প্রাইজমানি পাবে। এ ছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতাকে ওয়ালটনের পক্ষ থেকে এলইডি টিভি দিয়ে উৎসাহিত করা হবে। পাশাপাশি প্রত্যেকটি ম্যাচের সেরা খেলোয়াড়কে ওয়ালটন পরিবারের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে।
