প্রিমিয়ার ডিভিশন হকি লিগে ঊষা ও আবাহনীর জয়রথ চলছেই। শুক্রবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ঊষা ৭-১ গোলে সাধারণ বীমাকে এবং আবাহনী ৬-০ গোলে অ্যাজাক্সকে পরাজিত করে।
এদিন প্রথম খেলায় আবাহনীর জয়ের নায়ক ছিলেন ফরোয়ার্ড মাকদুস আলম হাবুল। ৬, ২৬ ও ৪৪ মিনিটে ৩টি ফিল্ড গোল করেন জাতীয় দলের সাবেক এই ফরোয়ার্ড।
মিডফিল্ডার রুম্মান সরকার ৩৪ ও ৩৭ মিনিটে দুটি ফিল্ড গোল ও শেখ মো. নান্নু ৫৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাকি গোলটি করেন।
নয় খেলায় আবাহনীর পয়েন্ট ২৩। তালিকায় তাদের অবস্থান দ্বিতীয়। ২৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে ঊষা। সাধারণ বীমাকে ৭-১ গোলে হারানোর মূল নায়ক ছিলেন ফরোয়ার্ড হাসান যুবায়ের নিলয়। ২৭, ৪৮, ৪৯ ও ৬০ মিনিটে ৪টি ফিল্ড গোল করেন তিনি।
কৃষ্ণ কুমার দাস, আসফাক নেওয়াজ ও আলিম বেলাল বাকি তিনটি গোল করেছেন যথাক্রমে ৫, ৭ ও ৪৮ মিনিটে। প্রথম রাউন্ডে আবাহনী ও ঊষার দুটি করে খেলা বাকি।
