গুপ্তহত্যা নিয়ে খালেদা আত্মরক্ষার্থে সরকারের ওপর দোষ চাপাচ্ছে: এইচটি ইমাম

আপডেট : ১০ জুন ২০১৬, ২০:৪৫
 
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম বলেছেন, দেশে সাম্প্রতিক সময়ে চলমান হত্যাকাণ্ডের ঘটনায় নিজের দোষ ঢাকার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আত্মরক্ষামূলক প্রতিবাদী পদ্ধতি গ্রহণ করে সরকারের ওপর দোষ চাপাচ্ছে।
 
শুক্রবার দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলটির ২০তম জাতীয় সম্মেলন সফল করতে গঠিত প্রচার ও প্রকাশনা উপ-পরিষদের সভায় তিনি আরো বলেন, যিনি দুই দুই বার দেশের প্রধানমন্ত্রী ছিলেন, তিনিই এখন আপত্তিকর আচরণ করছেন। এটি কিছুতেই আর সহ্য করা যায় না।
 

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে এইচটি ইমাম বলেন, কান টানলে মাথা আসে। সাম্প্রতিক জঙ্গি হামলাগুলোকে যদি সব সূত্র থেকে দেখা যায়, তাহলে মাথা চলে আসে। এর জন্য আগে থেকেই অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স (আক্রমণই সর্বোত্তম প্রতিরক্ষা) পদ্ধতি তারা গ্রহণ করেছে। তবে এতে কোনো কাজ হবে না। তিনি বলেন, ‘বিএনপির কাছে শিষ্টাচারপূর্ণ কথা আশা করি না। যদি তাই হতো তাহলে বিএনপি নেত্রী সাবেক প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের প্রধান ও দেশের বর্তমান প্রধানমন্ত্রীকে নাম ধরে যা বলেছেন, কতটুকু বেয়াদব হলে এমন শিষ্টাচারবহির্ভূত কথা তিনি বলতে পারেন। এই আপত্তিকর আচরণ কিছুতেই সহ্য করা যায় না।’