উরুগুয়ের বিদায়; ভেনেজুয়েলা, মেক্সিকো শেষ আটে

আপডেট : ১১ জুন ২০১৬, ০৯:১৫
 
লুইস সুয়ারেজের কোপা আমেরিকায় খেলা হলো না। কেননা ১৫ বারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন উরুগুয়ে গতকাল শুক্রবার ভেনেজুয়েলার কাছে অপ্রত্যাশিতভাবে ১-০ গোলে হেরে ফুটবল দুনিয়ার সবচাইতে বড় টুর্নামেন্টটির শতবর্ষীয় আসরের গ্রুপ পর্ব থেকেই বাদ পড়লো।
 
ফলে গ্রুপ ‘সি’ থেকে শেষ আটে পৌঁছালো মেক্সিকো ও ভেনেজুয়েলা। উভয় দলই দুটি করে জয়ের সুবাদে ছয় পয়েন্ট করে পেয়েছে। মেক্সিকো একই দিনে জ্যামাইকাকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে।
 
সুয়ারেজ ইনজুরির কারণে প্রথম খেলায় ছিলেন না। ভেনেজুয়েলার বিরুদ্ধে বেঞ্চে থাকলেও কোচ অস্কার তাবারেজ তাকে ফিট মনে করেননি বলে খেলাননি। এ নিয়ে বার্সেলোনা স্ট্রাইকারটি মাঠে চোটপাটও করেন। কিন্তু সে ঘটনাকেও ছাপিয়ে যায় ইংলিশ প্রিমিয়ার লিগের কম পরিচিত দল ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের স্ট্রাইকার সলোমন রনডনের একমাত্র গোলে ভেনেজুয়েলা শেষ আটে খেলা নিশ্চিত করায়। রনডন হলেন তার দেশের প্রথম খেলোয়াড় যিনি তিনটি টুর্নামেন্টে গোল করলেন।
 
উরুগুয়ে এ নিয়ে গ্রুপ পর্বের দুটি খেলাতেই হারলো। তাও আবার কোপা আমেরিকায় ভেনেজুয়েলার কাছে মোট নয়বারের মোকাবেলায় এটি তাদের প্রথম হার। কোচ তাবারেজ স্বীকার করেন, ‘একটা ভাল ফলের জন্য যা দরকার, সে অনুযায়ী একটা দল হয়ে আমরা খেলতে পারিনি।’ অথচ বিশ্বকাপের বাছাইয়ে শীর্ষ স্থানে থাকা ও কোপা আমেরিকার ইতিহাসে সবচাইতে সফল দল উরুগুয়ে।
 
সুয়ারেজকে না খেলানো প্রসঙ্গে উরুগুয়ে কোচ বলেন, ‘খেলোয়াড়টি খেলার মতো অবস্থায় ছিল না। আমি এমন কোন খেলোয়াড়কে বেছে নেব না যে শতভাগ দিতে পারবে না। সে কি ক্রুদ্ধ ছিল? আমি জানি না। সে আমাকে কিছু বলেনি।’
 
যদিও বার্তা সংস্থা জানাচ্ছে সুয়ারেজ নিয়মিত একাদশ কিংবা বদলি খেলোয়াড়ের তালিকাতেও তার নাম না দেখে উত্তেজিত হয়ে তার একটা বুট মাঠে ছুড়ে মারেন। এমনকি মেজাজ হারিয়ে ডাগআউটে কনুই দিয়ে গুতো মারতেও দেখা যায় তাকে। ২০১৪ সালের বিশ্বকাপে ইতালি ডিফেন্ডার গিওর্গিও চিয়েলিনিকে কামড়ে দেয়ার পর আবার তাকে উত্তেজিত হতে দেখা গেল।
 
ভেনেজুয়েলা এই প্রথম কোপা আমেরিকায় টানা জয় পেল। নিজেদের প্রথম খেলায় জ্যামাইকাকে ১-০ গোলে হারিয়েছিল দেশটি। ফলে দুই খেলা শেষে মেক্সিকোর মতোই ছয় পয়েন্ট পেয়ে শেষ আটে পৌঁছায় তারা। তবে কে গ্রুপ চ্যাম্পিয়ন হবে তা ঠিক দু’দলের মধ্যকার খেলাটির পর।
 
দক্ষিণ আমেরিকায় ভেনেজুয়েলা একসময় দুর্বল হিসেবে পরিচিত হলেও এখন দিন বদলেছে। কেননা ২০০৭ সালে কোপা আমেরিকা আয়োজন করতে গিয়ে দেশটি প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠেছিল। এর চার বছর পর সেমিফাইনালে উঠে তারা নিজেদের সেরা সাফল্য তুলে নিয়েছিল।
 
মেক্সিকো গত বছর জুয়ান কার্লোস ওসোরিওকে দায়িত্ব দেয়ার পর এ নিয়ে টানা দশ খেলায় জিতলো। সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকার জাভিয়ের হার্নান্দেজ দলের পক্ষে গোলের সূচনা করেন।